মসলা পণ্যে আমদানিনির্ভরতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহীমপুর গ্রামের সম্পন্ন কৃষক শাহজাহান মিয়া। দেড় বিঘা জমিতে ঘুরেফিরে শুধুই ধান চাষ করেন।। শীতের মৌসুমে নিজের চলার জন্য সামান্য কিছু সবজি চাষ করেন, এই যা। আর কোনো ফসল চাষে তাঁর আগ্রহ নেই।অথচ প্রায় সব ফসলই চাষ করতেন বাবা শমসের আলী। ধান-পাট থেকে আরম্ভ করে মরিচ, পেঁয়াজ, আলু, রসুন, আদা, তিল, তিসি—কোনো কিছুই বাদ ছিল না। প্রথম আলোকে শাহজাহান মিয়া বলেন, ‘আব্বা বলতেন যে লবণ ছাড়া আর কিছুই বাজার থেকে কিনে খাবেন না। মৌসুম মেনে মেনে চাষ করতেন তিনি। দেখা গেছে, জমিতে একটা ফসল করা হলো, আইলের পাশেই লাগিয়ে দিলেন বরজ (ধনিয়া)। এতে অন্তত বছরের খোরাকি হয়ে যেত।’তিনি নিজে তা করছেন না কেন—প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন, ‘ভাই, শ্যালু মেশিনের (অগভীর নলকূপ) পানি দিয়ে ধান চাষ করলে অন্য কিছু পারা যায় না। আইলে অন্য কিছু করাও যায় না।’শাহজাহান মিয়ার মতো অন্য কৃষকেরা এখন প্রধান খাদ্যশস্য ধান চাষেই মনোযোগী বেশি। ফলত, ধানের উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। কিন্তু কমেছে মসলার উৎপাদন। ফলে প্রধান মসলা পণ্যগুলো বহুলাংশেই আমদানিনির্ভর। এক বছর আমদানি কম হলে পরের বছর দু-তিন গুণ বেড়ে যায়।সম্প্রতি প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিআইই) ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির একটি চিত্র দাঁড় করিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা ছয় বছরের ওই পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণে মসলা আমদানি বাড়ছে।শুকনা মরিচ: ২০০৫-০৬ অর্থবছরে দেশে এক হাজার ১৫৪ টন শুকনা মরিচ আমদানি হয়েছিল। আমদানি মূল্য ছিল ছয় কোটি ৪০ লাখ টাকা। পরের বার ২০০৬-০৭ অর্থবছরে শুকনা মরিচের আমদানি বেড়ে হয় ২০ হাজার ৮১৬ টন। আর আমদানি মূল্য ১৭৬ কোটি ২৮ লাখ টাকা। ২০০৭-০৮ অর্থবছরে আমদানির পরিমাণ আগের বারের তুলনায় অনেক কমে দাঁড়ায় ছয় হাজার ৪৬৫ টন, যার আমদানি মূল্য ৫৭ কোটি টাকা।২০০৮-০৯ অর্থবছরে আরও কমে শুকনা মরিচ আমদানি হয় ১৫১ টন। আমদানি মূল্য এক কোটি ৩৬ লাখ টাকা। তবে ২০০৯-১০ অর্থবছরে পুরো চিত্র পাল্টে যায়। এ বছর আমদানি হয় তিন হাজার ২৩৬ টন। আমদানি মূল্য ২৮ কোটি ৪৯ লাখ টাকা। তবে গত অর্থবছরে আমদানি হয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ শুকনা মরিচ। এ বছর আমদানি হয় ১০ হাজার ৪০৭ টন শুকনা মরিচ, যার আমদানি মূল্য ১০১ কোটি ১৫ লাখ টাকা।পেঁয়াজ: ২০০৫-০৬ অর্থবছরে দেশে এক লাখ ৭৪ হাজার ৪৩৬ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এতে ব্যয় হয়েছিল ২৩৩ কোটি ২৯ লাখ টাকা। পরের বার আমদানির পরিমাণ একটু কমে দাঁড়ায় এক লাখ ৫২ হাজার ৩৫৭ টন। এ বছর ব্যয় হয় ২০৪ কোটি টাকা। ২০০৭-০৮ অর্থবছরে আরও কমে পেঁয়াজ আমদানি হয় এক লাখ তিন হাজার ৭৩৮ টন। তবে পরিমাণ কমলেও আগের বারের তুলনায় ব্যয় বেড়ে হয় ২৩৮ কোটি টাকা।২০০৮-০৯ অর্থবছরে পেঁয়াজ আমদানি সামান্য বেড়ে হয় এক লাখ ১৩ হাজার ৪৬৮ টন। এ বছরের আমদানি মূল্য ২২২ কোটি টাকা। তবে ২০০৯-১০ অর্থবছরে পেঁয়াজ আমদানি কমে দাঁড়ায় ৭৩ হাজার ৫৮৭ টন, যার আমদানি মূল্য ১৫১ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে আমদানি আরও কমে দাঁড়ায় ১৬ হাজার ৯৮ টনে। আমদানি ব্যয়ও কমে দাঁড়ায় ৪৪ কোটি ৫১ লাখ টাকা।আদা: ২০০৫-০৬ অর্থবছরে দেশে পাঁচ হাজার ১০১ টন আদা আমদানি হয়েছিল। এতে ব্যয় হয়েছিল ১৪ কোটি ৯২ লাখ টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আদা আমদানি প্রায় সাড়ে তিন গুণ বেড়ে হয় ১৯ হাজার ৫৪৬ টন। আর আমদানি ব্যয় বেড়ে হয় ৭০ কোটি ৬২ লাখ টাকা। পরের বছর ২০০৭-০৮ অর্থবছরে আমদানি একটু কমে হয় ১৪ হাজার ২১৬ টন, যার আমদানি মূল্য ৫১ কোটি টাকা।২০০৮-০৯ অর্থবছরে আদা আমদানি দ্বিগুণ বাড়ে। এ বছর ১২৮ কোটি টাকার ৩৬ হাজার ২৭২ টন আদা আমদানি হয়। ২০০৯-১০ অর্থবছরে আমদানি হয় ৩৪ হাজার ২৩০ টন আদা, আমদানি মূল্য ১৭৪ কোটি ৬২ লাখ টাকা। আর ২০১০-১১ অর্থবছরে আমদানি হয় ৩২ হাজার ৩৪৬ টন, যার আমদানি ব্যয় ২৩২ কোটি টাকা। গত তিন অর্থবছর ধরে প্রায় একই পরিমাণ আদা আমদানি হচ্ছে।রসুন: ২০০৫-০৬ অর্থবছরে দেশে ১২ হাজার ৮৪১ টন রসুন আমদানি হয়েছিল, যার দাম ছিল ১৯ কোটি ৫৪ লাখ টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আমদানি হয় ১৫২ কোটি টাকার ৪১ হাজার ১৭১ টন রসুন। ২০০৭-০৮ অর্থবছরে আমদানি হয় ৫৪ হাজার ৬৪ টন। আমদানি মূল্য ১৬৭ কোটি টাকা।২০০৮-০৯ অর্থবছরে আমদানি হয় ৬৩ হাজার ৯৯০ টন। পরিমাণ বাড়লেও এবার ব্যয় কমে হয় ১৪৮ কোটি টাকা। তবে ২০০৯-১০ অর্থবছরে রসুনের দাম এতই বাড়ে যে এ বছর ৫৬ হাজার ৪৬১ টনের আমদানি মূল্য পড়ে ২৯৯ কোটি টাকা। কিন্তু ২০১০-১১ অর্থবছরেও আমদানির পরিমাণ কমে হয় অর্ধেক। তবে ৩৪ হাজার ৩১৬ টন রসুনের আমদানি মূল্য পড়ে ৩৮৭ কোটি টাকা।হলুদ: পরিমাণের দিক থেকে হলুদ আমদানিতে গত ছয় বছরে খুব বেশি হেরফের হয়নি। তবে দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আমদানি ব্যয় বেশি গুনতে হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে চার হাজার ২৭৪ টন হলুদ আমদানিতে ব্যয় হয়েছিল ১৭ কোটি ১৪ লাখ টন। আর, ২০০৬-০৭ অর্থবছরে পাঁচ হাজার ৪৪৫ টন হলুদ আমদানিতে ব্যয় হয়েছিল ২০ কোটি ৩৫ লাখ টন। ২০০৭-০৮ অর্থবছরে হলুদ আমদানি কয়েক গুণ কমে হয় এক হাজার ৭২৭ টন। এতে ব্যয় হয় আট কোটি ৪৬ লাখ টাকা।২০০৮-০৯ অর্থবছরে হলুদ আমদানি হয় এক হাজার ৮১৪ টন। মূল্য নয় কোটি ২৬ লাখ টাকা। ২০০৯-১০ অর্থবছরে আমদানি হয় কম, কিন্তু ব্যয় হয় বেশি। এ বছর এক হাজার ২৯৫ টন হলুদ আমদানিতে ব্যয় হয় ১২ কোটি ৩২ লাখ টাকা। আর ২০১০-১১ অর্থবছরে তিন হাজার ৪৩২ টন হলুদ আমদানিতে ব্যয় হয় ৭৫ কোটি ৭১ লাখ টাকা।