মসলা রপ্তানি বাড়ছে
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মসলা রপ্তানি বাড়ছে। বিদায়ী ২০১১-১২ অর্থবছরে এক কোটি ৩৬ লাখ মার্কিন ডলার মূল্যের মসলা রপ্তানি হয়, যা তার আগের বছরের চেয়ে ৪৮ শতাংশ বেশি।খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ থেকে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের মসলা আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ভারত, ফ্রান্স, কানাডা, জাপান, ইতালিসহ বিশ্বের ৩০টির অধিক দেশে রপ্তানি হয়ে থাকে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন অর্থবছর ধরেই মসলা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। ২০০৯-১০ অর্থবছর থেকে সর্বশেষ গত অর্থবছর পর্যন্ত এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩৯, ৩৩ ও ৪৮ শতাংশ।ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী ২০১১-১২ অর্থবছরে এক কোটি এক লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে এক কোটি ৩৬ ডলারের মসলা রপ্তানি হয়। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৪ দশমিক ৫১ শতাংশ এবং আগের বছরের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেশি।এর আগের ২০১০-১১ অর্থবছরে এ খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৯২ লাখ ডলার, যা ওই অর্থবছরের ৭৯ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৭৯ শতাংশ এবং এর আগের অর্থবছরের চেয়ে ৩৩ দশমিক ১৪ শতাংশ বেশি।এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে মসলা রপ্তানিতে আয় হয়েছে ৬৯ লাখ ডলার। এই আয় তার আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ০৪ শতাংশ বেশি। আর ২০০৮-০৯ অর্থবছরে মসলা রপ্তানি করে বাংলাদেশের আয় হয় ৪৯ লাখ ডলার।এদিকে, গত ৯ জুলাই রমজানে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন রপ্তানি নিষিদ্ধ করে সরকার। ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ কারণে চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে মসলা রপ্তানি কিছুটা কমবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।