মসলাজাতীয় ফসল উৎপাদনে ৬৮ কোটি টাকার ঋণ বিতরণ
মসলাজাতীয় পণ্য উৎপাদনে কৃষকদের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো ৬৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এই ঋণের সুদের হার মাত্র দুই শতাংশ।বাংলাদেশ ব্যাংক দেশে মসলা উৎপাদন বৃদ্ধি করতে এ উদ্যোগ নিয়েছিল। এ খাতের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৯৬ কোটি পাঁচ লাখ টাকা। গত ৫ মে পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭১ শতাংশ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬৮ কোটি নয় লাখ টাকা ঋণ বিতরণ করেছে। দেশের সুনির্দিষ্ট অঞ্চলের কৃষকদের মধ্যে এসব ঋণ বিতরণ করা হয়েছে। সবচেয়ে বেশি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা অর্জন করেছে জনতা ব্যাংক যা লক্ষ্যমাত্রার ৯৭ দশমিক ৪০ শতাংশ। ২০১০-১১ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ নীতিমালায় মসলাজাতীয় ফসল উৎপাদনে দুই শতাংশ সুদে ঋণ বিতরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। গ্রাহক পর্যায়ে ব্যাংকগুলো দুই শতাংশ সুদে এ ঋণ বিতরণ করলেও তারা পাবে আট শতাংশ। বাকি ছয় শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার। আমদানিনির্ভরতা কমাতে ডালজাতীয় ফসল যেমন—মাষকলাই, মুগ, মসুর, খেসারি, ছোলা ও মটর। তৈলবীজ জাতীয় ফসল—সরিষা, তিল, তিসি, চিনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন। মসলাজাতীয় ফসল—হলুদ, আদা, রসুন, পেঁয়াজ ও ধনিয়া এবং ভুট্টাসহ সংশ্লিষ্ট সব ফসলের উৎপাদন বাড়াতে প্রকৃত কৃষকদের মধ্যে এ ঋণ দেওয়া হচ্ছে।