মসলায় দামের ঝাঁজ

কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সবাই এখন ছুটবেন গরুর হাটে। আর কোরবানি মানেই প্রয়োজন আনুষঙ্গিক আরও অনেক কিছু। এ জন্য যেতে হবে বাজারে। আর সেই কাঁচাবাজারে এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে প্রায় সব ধরনের মসলাপণ্য।
পেঁয়াজের দাম এবার সহনীয় হলেও আদা-রসুন ভোগাচ্ছে ক্রেতাদের। রসুনের দাম সপ্তাহ দুয়েক ধরে বাড়ার পর এখন স্থির রয়েছে। আদারও একই অবস্থা। দাম নতুন করে না বাড়লেও আগের চড়া দামেই তা বিক্রি হচ্ছে।
গরমমসলার দাম এমনিতেই চড়া হলেও তা গত এক মাসের তুলনায় খুব একটা বাড়েনি। তেজপাতা, লবঙ্গ ও আলুবোখারার দাম বেড়েছে। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে মসলার আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে দািব করা হয়, আদা ছাড়া এবার অন্য পণ্যের দাম বৃদ্ধির তেমন আশঙ্কা নেই।
পেঁয়াজ-রসুন-আদা: কোরবানিতে পেঁয়াজের বেশ চাহিদা থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১৩ লাখ ৫৮ হাজার টন। গত ২০১৩-১৪ অর্থবছরে চার লাখ ৫২ হাজার টন পেঁয়াজের ঋণপত্র খোলা হয়। আমদানি হয় চার লাখ ছয় হাজার টন। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৭৯ হাজার টন পেঁয়াজের ঋণপত্র খোলা হয়েছে। দেশে এসেছে ৭৫ হাজার টন। পেঁয়াজের দাম মাস খানেক ধরে প্রায় একই আছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪৪ টাকায়। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪০ টাকা।
দেশে রসুনের চাহিদা বছরে পাঁচ লাখ টন। দেশেই উৎপাদিত হয় তিন লাখ ৯২ হাজার টন। গত দুই মাসে দেশে ১৩ হাজার টন রসুন আমদানি হয়েছে। এর পরও সম্প্রতি বেড়ে গেছে রসুনের দাম। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে দেশি-আমদানি করা সব ধরনের রসুনের দাম বেড়েছে ২৮ শতাংশ। শুধু দেশি রসুনের দামই বেড়েছে ৪২ শতাংশ। গত মাসে রসুনের দাম যেখানে ছিল ৬০ থেকে ৭০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। আর আমদানি করা চীনা রসুনের কেজি ৮০ থেকে ৯০ টাকা। অথচ পাইকারি বাজার শ্যামবাজারে দেশি ও আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকায়।
বাজারে এখন আদার দাম বেশ চড়া, যদিও আদার দাম খানিকটা কমেছে। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়। টিসিবির হিসাবে, আদার দাম এক বছরে বেড়েছে ৫৬ শতাংশ।
গরমমসলা: কোরবানির ঈদে বাড়তি চাহিদা তৈরি হলেও এবার তেজপাতা, লবঙ্গ ও আলুবোখারা ছাড়া অন্যান্য গরম মসলার দাম বাড়েনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, গত অর্থবছরে দেশে দারুচিনি আমদানি হয়েছে ছয় হাজার টন। পণ্যটি আমদানি করা হয় চীন আর ভিয়েতনাম থেকে। মসলার পাইকারি বাজার রাজধানীর মৌলভীবাজারে দারুচিনি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। তবে খুচরায় দারুচিনির দর ২৭০ থেকে ৩০০ টাকা।
গত বছর এলািচ আমদানি হয়েছে তিন হাজার টন। বর্তমানে পাইকারি বাজারে এটি বিক্রি হচ্ছে মানভেদে ৯০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। খুচরায় এলািচ বিক্রি হচ্ছে এক হাজার ১০০ থেকে এক হাজার ৬০০ টাকায়।
দেশে গত বছর লবঙ্গ আমদানি করা হয়েছে ৩৭০ টন। পাইকারি বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে এক হাজার ১৫০ থেকে এক হাজার ৩০০ টাকায়। খুচরা বাজারে লবঙ্গের দাম এক হাজার ৩০০ থেকে দেড় হাজার টাকা কেজি।
গত বছর জিরা আমদানি করা হয় ছয় হাজার ৮০০ টন। জিরার পাইকারি দাম এখন ২২৫ থেকে ২৪০ টাকা। অবশ্য পাইকারি দামের চেয়ে দেড় গুণ বেশি দামে খুচরায় বিক্রি হচ্ছে পণ্যটি। প্রতি কেজির দাম ৩০০ থেকে ৪০০ টাকা।
চীন ও ভারত থেকে আমদানি করা হয় কিশমিশ। চীনের কিশমিশের দাম ৩০০ থেকে ৩২০ টাকা। আর ভারতীয় কিশমিশের দাম ২২০ থেকে ২৫০ টাকা। খুচরা বাজারে তেজপাতার দাম ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
পাইকারি বাজারে গোলমরিচের দাম এখন ৮০০ টাকা। আলুবোখারার দাম এক মাসে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা; বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা জায়ফলের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা।
জানতে চাইলে বাংলাদেশ পাইকারি গরমমসলা সমিতির সাধারণ সম্পাদক আতিকুল হক প্রথম আলোকে বলেন, মসলার উচ্চ শুল্কের কারণে আমদানি কমে গেছে। অন্যদিকে অবৈধভাবে মসলা আমদানিও হচ্ছে। তিনি জানান, বর্তমানে তাঁদের সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ শুল্ক দিতে হয়।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম মোটামুটি স্থিরই আছে। তবে বেগুনের দাম কিছুটা বেড়েছে। আর বাজারে এক লিটারের বোতলজাত তেল ১১২ থেকে ১১৬ টাকায় পাওয়া যাচ্ছে। চিনির দাম অবশ্য কিছু বেড়েছে। ৪৪ থেকে ৪৬ টাকায় বিক্রি হওয়া চিনির দাম এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।