মসলার মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মসলার মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে নেমেছে সরকার। খবর দিয়েছেন খোদ বাণিজ্যমন্ত্রী। ‘ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে আদা, রসুন আর হলুদের আমদানি সূত্রে মূল্য পরিস্থিতি অনুসন্ধান করে প্রতিবেদন ও সুপারিশ দেওয়ার। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।’ তাও পত্রিকায় লেখা হয়েছে আগেই।আসলে মসলার বাজারটি নজরে না নিয়ে উপায়ও ছিল না সরকারের। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের শনিবারের ঢাকার খুচরা বাজারমূল্য প্রতিবেদনও তা-ই বলে। প্রতিবেদনমতে, রসুনের খুচরা দর কেজিপ্রতি ১৩৫-১৫৫ টাকা। এক মাসে দর বেড়েছে ৪২ শতাংশ, যা বছরান্তে ১৪২ শতাংশ। হলুদের দর কেজিপ্রতি ২৫০ থেকে ২৮০ টাকা, বছরান্তে দাম বেড়েছে ১৪১ শতাংশ। আর আদার দর কেজিপ্রতি ৯০ থেকে ১২০ টাকা, বছরান্তে দাম বেড়েছে ৬৭ শতাংশ। অবশ্য যাঁরা গতকাল বাজারে গেছেন, তাঁরা দেখেছেন প্রতি কেজি আদা, রসুন ও হলুদের প্রকৃত খুচরা মূল্য সরকারি প্রতিবেদনের চেয়ে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি। ট্যারিফ কমিশনের মূল দায়িত্ব স্থানীয় শিল্পের বাজার স্বার্থ রক্ষা। কোনো আমদানি ও রপ্তানিকারক উদ্দেশ্যমূলকভাবে অস্বাভাবিক কম দামে পণ্য ছেড়ে স্থানীয় বাজারেই স্থানীয় উৎপাদককে বেকায়দায় ফেলে দিলেন কি না, তা দেখা কমিশনের প্রধান কাজ। বিশ্ববাজারে নজর রেখে ও গবেষণা করে বাংলাদেশি রপ্তানিকারককে সহায়তা করার মতো আরও কিছু দায়িত্বও অবশ্য আছে কমিশনের। যদিও দায়িত্বগুলো পালন হচ্ছে, এমন খবর খুব কমই মেলে।যেহেতু বিশ্ববাজারে খোঁজখবর রাখারও দায়িত্ব আছে ট্যারিফ কমিশনের, তাই মসলার আমদানি সূত্রের দরদাম ও সরবরাহ পরিস্থিতি অনুসন্ধানের এ কাজটি কমিশনের জন্য আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেওয়া হচ্ছে, বলা যাবে না।তবে যেসব দেশের সরকার দায়সারা কাজ করে না, তাদের বাণিজ্য মন্ত্রণালয়গুলোতে সার্বক্ষণিক একটি বিশ্ববাজার পর্যবেক্ষণ সেল থাকে। কনজ্যুমার্স সাপ্লাই বিভাগ একটি স্বতন্ত্র মন্ত্রণালয়ও হয়ে উঠেছে আজকাল বিভিন্ন দেশে। এ বিভাগ বছরের ৩৬৫ দিনই তাদের দেশের বাজারের খুবই ভেতরের খবর এবং বিদেশের বাজারের পণ্য সরবরাহ আর মূল্য ওঠানামার খবর রাখে। এ বিভাগই সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর জন্য প্রতিবেদন তৈরি করে দেয়। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলা যায়। মসলার বাজারটি চড়ছে গত চার মাস বা তারও বেশি সময় ধরে। সরকারি কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যানুসারে, জানুয়ারিতে সাধারণ মানের দেশি হলুদের খুচরা দর ছিল প্রতি কেজি ১৫০ টাকার নিচে। আর জুলাইয়ের শেষে তা হয়েছে ২৮০ টাকা। জানুয়ারিতে আমদানি করা রসুনের খুচরা দর ছিল ১০০ টাকার মতো, যা এখন ১৫০ টাকা। দেশি রহুগোলা রসুনের দর জানুয়ারিতে ছিল প্রতি কেজি ১১০-১১৫ টাকা, যা মার্চে ৬০ টাকায় নেমেছিল। কারণ, নতুন দেশি রসুন বাজারে এসেছে সে সময়। দেশি রসুন এখন কেজিপ্রতি গড়ে ১৫০ টাকা। আবার জানুয়ারিতে দেশি পুরোনো আদার দর খুচরা প্রতি কেজি ৮০ টাকা ছিল। গত সপ্তাহে আমদানি করা আদার দর হয়েছে ১২০ টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের মূল্য তথ্যের বিষয়টি কি জানা আছে বাণিজ্য মন্ত্রণালয়ের? হয়তো নেই। থাকলে আজ মসলা নিয়ে আন্তর্জাতিক বাজার গবেষণার কাজে ট্যারিফ কমিশনের সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরকেও সম্পৃক্ত করা যেত। এতে বোঝা যায়, দ্রব্যমূল্য পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নীতি প্রণয়নে সমন্বিত উদ্যোগ নেই।বাজার দেখার কাজ বাণিজ্য মন্ত্রণালয়ের, এমন বিভ্রান্তিকর গণধারণা থেকে সাংবাদিকেরা সেখানে যান। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত কোনো প্রতিষ্ঠানকে দায়সারা দায়িত্ব দিয়ে সেটি সাংবাদিকদের জানানোর মাধ্যমেই বাজার পর্যবেক্ষণ হয়ে গেছে, অন্তত বিষয়টি সে রকমই ঠেকছে। যুক্তরাষ্ট্রের কথা ধরা যাক। তাদের কৃষিপণ্যের বাজারের গতিবিধি অনুসরণ করে মার্কিন কৃষি অধিদপ্তর। যাদের বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস সারা বিশ্বে কৃষিপণ্যের বাজার ওঠানামা করায়, মার্কিন কৃষি অধিদপ্তর এর অন্যতম। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কী কাজ করে যাচ্ছে, তা কাজে লাগছে কি লাগছে না, তা-ও যাচাই করছি না আমরা। অথচ আধুনিক সরকারগুলো শুধু কৃষি উৎপাদন নয়, কৃষি বিপণন পর্যবেক্ষণেও তাদের কৃষি বিভাগগুলোকেই কাজে লাগায় বেশি।