মসলার রপ্তানি বেড়েছে

বাংলাদেশ বিভিন্ন দেশে মসলা রপ্তানি করে থাকে। বিশ্বজুড়ে বাংলাদেশি মসলার ভালো চাহিদার কারণেই এ রপ্তানি হয়ে থাকে।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে উৎপাদিত হলুদ ও মরিচের গুঁড়া রপ্তানি হয়। এমনকি কাঁচা হলুদ, শুকনা মরিচ, আদাসহ বেশ কয়েক ধরনের মসলা রপ্তানি হয়। সেসব দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা ছাড়াও বিদেশিদের কাছেও বাংলাদেশি মসলায় তৈরি খাবারের চাহিদা রয়েছে। মূলত এ চাহিদার কারণেই মসলা রপ্তানি হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে মসলা রপ্তানি থেকে আয় হয়েছে দুই কোটি ১৯ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি ৫২ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ের জন্য এ লক্ষ্যমাত্রা ছিল দুই কোটি ৫৪ লাখ ডলার বা প্রায় ১৯৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে ১৩ দশমিক ৪১ শতাংশ।
২০১২-১৩ অর্থবছরের চেয়ে যদিও চলতি অর্থবছরের রপ্তানির পরিমাণ তিন দশমিক ৯৩ শতাংশ বেশি। তবে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে তা যথেষ্ট ছিল না।
গত অর্থবছর রপ্তানি কমলেও বিপরীত চিত্র ছিল ২০১২-১৩ অর্থবছরে। ২০১২-১৩ অর্থবছরে মসলা রপ্তানি থেকে আয় হয় দুই কোটি ১১ লাখ ডলার, যা তার আগের ২০১১-১২ অর্থবছরের চেয়ে ৫৪ ভাগ বেশি। ২০১১-১২ অর্থবছরে মসলা রপ্তানি থেকে আয় হয়েছে মাত্র এক কোটি ৩৭ লাখ ডলার।
এ দেশ থেকে যত মসলা রপ্তানি হয়, তার অর্ধেকের বেশি রপ্তানি করে প্রাণ অ্যাগ্রো প্রডাক্টস। প্রাণের বিপণন পরিচালক কামরুজ্জামান প্রথম আলোকে জানান, গত বছর প্রাণের মসলা রপ্তানি বেড়েছে আগের বছরের তুলনায় ২৩ শতাংশ। রপ্তানির পরিমাণ ছিল এক কোটি ডলারের বেশি।
যুক্তরাষ্ট্রের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) গত বছর প্রাণের গুঁড়া হলুদে ক্ষতিকর মাত্রায় সিসার অস্তিত্ব পায়। এর পরিপ্রেক্ষিতে সে সময় যুক্তরাষ্ট্রে প্রাণের গুঁড়া হলুদের পরিবেশক প্রতিষ্ঠানগুলো বাজার থেকে ওই হলুদ প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে কামরুজ্জামান বলেন, ‘সে সময় সাময়িকভাবে আমাদের গুঁড়া হলুদের রপ্তানি বন্ধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে আবার গুঁড়া হলুদ রপ্তানি হয়। প্রাথমিকভাবে এতে রপ্তানি কিছুটা কমেছিল। কিন্তু পরে রপ্তানি স্বাভাবিক হয়েছে।’
মসলা রপ্তানিকারকদের মতে, মসলা রপ্তানিতে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হলো ভারত ও পাকিস্তান।