মসৃণ 'বলপয়েন্ট' বানাতে পারে না চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশে প্রতিনিয়ত রকেট পাঠাচ্ছে চীন। তৈরি করছে লাখ লাখ স্মার্টফোন, দ্রুতগতির ট্রেন। অথচ একটা সামান্য জিনিস তৈরি করতে হিমশিম খেতে হয় দেশটিকে। এই সামান্য জিনিসটি হলো ‘বলপয়েন্ট’ কলম। নিখুঁত লেখার ‘বলপয়েন্ট’ কলম তৈরি কোনোভাবেই আয়ত্ত করতে পারছে না দেশটি।

কলম তৈরির প্রধান উপকরণ অতি ক্ষুদ্র স্টিলের একটি বল, যা কলমের মুখে লাগানো থাকে। বলের সাহায্যেই লেখা হয়। এই বলটিই আমদানি করতে হয় চীনকে। সাধারণত জার্মানি ও সুইজারল্যান্ড থেকে আমদানি করা হয় বল। এটি তৈরি করতে লাগে খুবই উন্নত মানের শক্ত অথচ বাড়তি পাতলা স্টিল। আর চীনের উৎপাদিত স্টিলগুলো একেবারেই এই মসৃণ বল তৈরির উপযোগী নয়। তাই পুরোপুরি নিজেদের তৈরি চীনের বলপয়েন্ট কলমগুলোর লেখা হয় খসখসে।

চীনে কলম তৈরির কোম্পানি আছে তিন হাজার। বলা বাহুল্য, প্রায় প্রতিটি কোম্পানিই বল আমদানি করে। প্রতিবছর এই খাতে ১ কোটি ৭৩ লাখ ডলারের বল আমদানি করতে হয় দেশটিকে।

অবশ্য দেশটির সরকারি দৈনিক পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানায়, সরকারি একটি কারখানা পাঁচ বছর গবেষণার পর সূক্ষ্ম মসৃণ বল তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ খাতে আমদানিনির্ভরতা থাকবে না বলে আশা করছে চীন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কলমের বিষয়টিই মুখ্য নয়। চীনে পৃথিবীর অর্ধেকের বেশি অপরিশোধিত স্টিল ও লোহা উৎপাদিত হয়। অথচ সূক্ষ্ম জিনিস তৈরিতে হিমশিম খেতে হচ্ছে চীনকে। প্রশ্ন এখানেই। দেশটিকে এখনো মোবাইল ফোনের সূক্ষ্ম চিপ আমদানি করতে হয় প্রতিবেশী জাপান ও তাইওয়ানের কাছ থেকে।

মূলত সূক্ষ্ম প্রকৌশল খাতে এখনো পিছিয়ে আছে চীন; যার প্রমাণ বলপয়েন্ট কলম তৈরির ব্যর্থতা। এটাকে প্রতীক হিসেবেই দেখছে সরকার। আর তাই এই খাতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটি।