মহাজোট সরকারের শেষ বাজেট কাল
কাল বৃহস্পতিবার মহাজোট সরকারের শেষ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকেল চারটায় জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করা হবে। গত তিনবারের মতো এবারও তা করা হবে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সংযুক্ত তহবিলপ্রাপ্তি, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন), মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (উন্নয়ন), সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, মধ্যমেয়াদি বাজেট কাঠামো এবং অর্থনৈতিক সমীক্ষা ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে। বর্তমান সরকারের প্রথম বাজেট থেকেই অগ্রযাত্রা, হালচিত্র বা পথনকশা নাম নিয়ে নির্দিষ্ট কিছু খাতের সার্বিক চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আসছেন অর্থমন্ত্রী। এবার থাকবে ‘রেলযোগাযোগ ব্যবস্থা: বর্তমান ও ভবিষ্যৎ’ শিরোনামে একটি আলাদা বই। এর পাশাপাশি থাকবে ‘ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা: হালচিত্র-২০১৩’, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা: অগ্রগতির ধারা’, ‘নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ৪০টি মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম’, ‘বাংলাদেশে দারিদ্র্য ও অসমতা: উত্তরণের পথে যাত্রা’, এবং ‘জেলা বাজেট’। জাতীয় সংসদে এ ছাড়া পেশ করা হবে পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০১৩-১৪ অর্থবছরের একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি ২০১২-১৩। বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার উদ্দেশে অর্থ বিভাগের www.mof.gov.bd ওয়েবসাইট থেকে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যে কেউ ডাউনলোড করতে পারবেন। দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে যে কেউ বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন। চলতি মাসের শেষ দিকে অর্থাৎ জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময় প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনায় নেওয়া হয়। ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি যেসব ওয়েবসাইটে বাজেটের দলিল ও তথ্যাদি পাওয়া যাবে, সেগুলো হলো: www.bangladesh-gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www. bdpressinform.org এবং www.pmo.gov.bd। এ ছাড়া বেসরকারি একটি ওয়েবসাইটে (www.bdnews24.com) বাজেটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।সংসদে বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার বিকেল চারটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-উত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।