২০০০ সালের পর বিশ্বায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। এরপর দেখা গেল, পরবর্তী এক দশকের মধ্যে বিশ্ব অর্থনীতিতে তাদের ভাগীদার দ্বিগুণ হলো। একসময় বৈশ্বিক জিডিপির ৩৫ শতাংশের জোগান তারা দিতে শুরু করে। পেন ওয়ার্ল্ড টেবিলে স্থান পাওয়া ১১০টি দেশের মধ্যে ১০৭টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গড় আয় ধরে ফেলল। এতে লাখ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এল।
কিন্তু এরপর ২০০৮ সালের আর্থিক সংকট এসে হাজির হলো। বাণিজ্য ও পুঁজিপ্রবাহ কমে গেল। দাম কমল পণ্যের। বিশ্বের জনসংখ্যা হ্রাস পেতে শুরু করায় কর্মীসংখ্যাও কমে গেল। ফলে হলো কী, বৈশ্বিক জিডিপিতে উন্নয়নশীল দেশের ভাগীদার বৃদ্ধির বদলে বরং কমে গেল। এই যে সাম্প্রতিক অতীতে ব্রাজিল ও রাশিয়াকে নিয়ে এত হইচই হলো, সেই তাদের প্রবৃদ্ধির হার এখন যুক্তরাষ্ট্রের চেয়ে কম। এক চীন ছাড়া বাকিরা কেউ আর অতটা দৃষ্টিসীমায় নেই।
অথচ বাস্তবতা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উন্নত ও উদীয়মান অর্থনীতি উভয়ই একই হারে বেড়েছে। কিন্তু উদীয়মান দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ায় মাথাপিছু আয়ে পিছিয়ে পড়ে তারা। এই দেশগুলো এক বা দুই দশক এগিয়ে গেছে। অর্থনৈতিক শ্রেণি হিসেবেও মাথা তুলেছে, কিন্তু সংকটে পড়ে আবার তারা সেই তিমিরে ফিরে গেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে ১৯৫টি দেশের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করে, তাদের মধ্যে মাত্র ৩৯টি উন্নত। সিংহভাগ দেশ ১৯৪৫ সালের আগে উন্নত হয়েছে। যে হাতে গোনা কয়েকটি দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে উন্নত হয়েছে, তাদের অলৌকিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। তাদের এই উন্নতির রহস্য হচ্ছে উৎপাদিত পণ্য রপ্তানি। এতে সারা দুনিয়া থেকে তারা রাজস্ব আয় করতে পেরেছে, ঘরের বাজার থেকে অতটা রাজস্ব আয় করা সম্ভব নয়। কিন্তু আজ বৈশ্বিক অর্থনীতিতে উৎপাদন ও রপ্তানির ভাগীদার কমছে। সে জন্য আগামী দিনে এই অলৌকিক ঘটনা কীভাবে ঘটবে, তা বলা মুশকিল। এই নীরবতা এখন উন্নয়নশীল পৃথিবীকে গ্রাস করছে।
কিন্তু প্রকৃতির মতো অর্থনীতিতেও কোনো কিছু সৃজন বা ধ্বংস হয় নাÑসবকিছু রূপান্তরিত হয়। তবে মহামারির কারণে আবার কিছু উন্নয়নশীল দেশের পালে হাওয়া লাগার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই পরিবর্তনের মধ্যে ডিজিটাল প্রযুক্তির দ্রুত রূপান্তর, অর্থনৈতিক সংস্কার ও দ্রব্যমূল্যের পুনর্বৃদ্ধি।
মহামারির কারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। উন্নত অর্থনীতির চেয়ে উন্নয়নশীল অর্থনীতিতেই এর প্রভাব বেশি অনুভূত হয়। ডিজিটাল প্রযুক্তি দিয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি হবে, এমন সম্ভাবনা আবার কম, যদিও রপ্তানির খাতা ফুলে ফেঁপে না ওঠে। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, ডিজিটাল প্রযুক্তি টেকসইভাবে উন্নয়নশীল অর্থনীতিগুলোকে বদলে দিতে পারে।
ইতিহাসে দেখা যায়, বাষ্পশক্তি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত—সব প্রযুক্তিই ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পেয়েছে। অর্থাৎ, ব্যাপকভাবে ব্যবহৃত হতে অনেক সময় লেগে গেছে। সেই তুলনায় ডিজিটাল প্রযুক্তির বয়স অনেক কম।
উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করছে। চীনের পুরোনো ধাঁচের সরকারি কারখানার উৎপাদনশীলতা অনেক কমে গেলেও এখনো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুতগতিতে প্রবৃদ্ধি করছে, গড় আয়েও তাদের ধরে ফেলছে। নগদবিহীন নতুন অর্থনীতির বাড়বাড়ন্তের কারণে এটি ঘটছে।
চীনের বাইরে রাশিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা ও কেনিয়ার মতো দেশে নতুন ইন্টারনেট কোম্পানি গড়ে উঠছে। উন্নয়নশীল দেশের সংস্কৃতি ও চাহিদা সম্পর্কে উন্নত দেশগুলোর তুলনায় এরা বেশি ধারণা রাখে। সে জন্য দেখা যায়, ব্যাংকিং ও ব্যাক অফিসের সেবাদানের ক্ষেত্রে এরা এগিয়ে আছে। এতে স্টার্ট-আপগুলোর সুবিধা হচ্ছে। গড়ে এদের ডিজিটাল রাজস্ব বাড়ছে।
ইতিহাসে দেখা যায়, বাষ্পশক্তি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত—সব প্রযুক্তিই ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পেয়েছে। অর্থাৎ, ব্যাপকভাবে ব্যবহৃত হতে অনেক সময় লেগে গেছে। সেই তুলনায় ডিজিটাল প্রযুক্তির বয়স অনেক কম। ফলে উদীয়মান অর্থনীতিতে এর সর্বোচ্চ প্রভাব অনুভূত হতে আরও সময় লেগে যাবে।
রপ্তানি থেকে যত দেশ লাভবান হবে, তার চেয়ে বেশি দেশ লাভবান হবে অর্থনৈতিক সংস্কার থেকে। এই যাত্রায় পণ্যের মূল্যবৃদ্ধি এবং দ্রুতলয়ের ডিজিটাল বিপ্লবও সঙ্গী হতে পারে। তবে সেই ২০০০ সালে যেমন ‘রাইজ অব দ্য রেস্ট’ বা বিশ্বের বাকি অংশের উত্থান হয়েছিল, এবার তেমনটা ঘটার সম্ভাবনা নেই। কিছু প্রবৃদ্ধি তারকা জন্ম নেবে। অর্থাৎ, ২০২০-এর দশকে বিশ্বের বাকি অংশের উত্থান না হলেও কিছু কিছু দেশের উত্থান হবে।
রুচির শর্মা: মর্গান স্ট্যানলির সাবেক প্রধান কৌশলবিদ। অনুবাদ: প্রতীক বর্ধন, ইকোনমিক টাইমস থেকে নেওয়া।