মহাসেনের মুখে সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চত্বরে খালাসের অপেক্ষায় পড়ে থাকা প্রায় সাত হাজার ৭০০ কোটি টাকার পণ্য এখন ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর হুমকির মুখে রয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, হরতাল-অস্থিরতাসহ নানা কারণে আমদানিকারকেরা খালাস না নেওয়ায় বন্দর চত্বরে এসব পণ্য পড়ে আছে। কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ছোবল থেকে এসব পণ্য সুরক্ষার কার্যত কোনো ব্যবস্থা নেই। বন্দর কর্তৃপক্ষ কনটেইনারের অবস্থান অদলবদল করে পণ্য রক্ষার কৌশল নিয়েছে, এই যা।জানতে চাইলে বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম গত সোমবার প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের সংকেত বাড়ার সঙ্গে ধাপে ধাপে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পণ্যভর্তি কনটেইনারগুলো পাশাপাশি জোটবদ্ধ করে রাখা হবে। একাধিক স্তরে থাকা খালি কনটেইনারগুলোও যাতে ঝোড়ো বাতাসে পড়ে না যায় সে জন্য এক স্তরে নামিয়ে আনা হবে। ঘূর্ণিঝড়ের স্থানীয় হুঁশিয়ারি সংকেত ৫ নম্বরে উন্নীত হলে জেটিতে জাহাজ আগমন বন্ধ করে দেওয়া হবে।বন্দরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত পড়ে থাকা আমদানি পণ্যবাহী কনটেইনারের সংখ্যা ২০ হাজার ৭৪২টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এ ছাড়া রপ্তানি পণ্যবাহী কনটেইনার আছে ৯৯১টি।কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, বন্দরে পড়ে থাকা প্রায় ৬০০ ব্যবসায়ীর আমদানি করা পণ্যের শুল্কায়িত মূল্য দাঁড়িয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। শুল্ক-করসহ এসব পণ্যের দাম পড়ে প্রায় পাঁচ হাজার ৭০০ কোটি টাকা। আর শুল্কায়ন হওয়া ছাড়া যেসব পণ্য রয়েছে, সেগুলোর দাম আরও প্রায় দুই হাজার কোটি টাকা বলে ধারণা পাওয়া গেছে।কর্মকর্তারা জানান, গত বছর ২৬ জুনের অর্থাৎ এক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বন্দরের পৃথক পাঁচটি ইয়ার্ড বা চত্বরে পানি জমে যায়। এতে তিন শতাধিক কনটেইনারের নিচের দিকে কিছু অংশ পানিতে ডুবে যায়। এ ছাড়া বন্দরের খোলা পণ্য রাখার স্থান ‘এম’ ও ‘পি’ শেড বা ছাউনিতেও পানিতে ভিজে আমদানি পণ্যের কিছু ক্ষতি হয়। এ পরিস্থিতিতে ঘূর্ণিঝড় মহাসেন তীব্র আঘাত হানলে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরেও এখন ১২টি বড় জাহাজে সোয়া দুই লাখ টন ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল রয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের হুমকির মুখে গত সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এসব জাহাজের পণ্য খালাস বন্ধ করে দিয়েছে নৌযান পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এ সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব রশীদ গতকাল প্রথম আলোকে জানান, বড় জাহাজ থেকে পণ্যবোঝাই ছোট নৌযানগুলো কর্ণফুলী নদীতে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে এখন পণ্যবাহী ও খালি ছোট নৌযান আছে প্রায় ৩৮১টি। ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্দরের প্রস্তুতি: আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর হঁশিয়ারি সংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষ দুই মাত্রার সতর্কতা (অ্যালার্ট ২) জারি করেছে। এই সতর্কতা অনুযায়ী, জেটি ও মুরিংয়ে থাকা সব জাহাজ ভালোভাবে রশি দিয়ে বেঁধে রাখা এবং এগুলোর মূল ইঞ্জিন তাৎক্ষণিক নোটিশে চালু রাখার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে গত সোমবার দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত উপদেষ্টা কমিটির এক সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়।জানা গেছে, ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত বাড়ার সঙ্গে সঙ্গে কী কী পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে বন্দরের একটি নির্দেশনামূলক পুস্তিকা আছে। ‘সাইক্লোন ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড পোস্ট সাইক্লোন রিহ্যাবিলিটেশন প্ল্যান’ শীর্ষক ওই পুস্তিকা অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সতর্কসংকেতের আলোকে বন্দরের নিজস্ব ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর ৫ নম্বর সতর্কসংকেত জারি করলে বন্দর পণ্য ওঠানো-নামানো কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে। একইভাবে ধাপে ধাপে বন্দর জেটিতে থাকা সব জাহাজ বহির্নোঙরে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।