মহাস্থান হাট মোকামে এক দিনেই সবজির দামে ধস

উত্তরাঞ্চলে সবজির বড় পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাটে সব ধরনের শীতকালীন সবজির দামে আরেক দফা ধস নেমেছে। এক দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার বিভিন্ন ধরনের সবজির দাম মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত পড়েছে। সবজির সরবরাহ বেড়ে যাওয়াই দাম কমার কারণ বলে জানান ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাস্থান হাটে গিয়ে প্রচুর পরিমাণ সবজির সরবরাহ দেখা গেছে। এসব সবজি আড়তসহ এখানে-ওখানে স্তূপ করে রাখা হয়েছে। ব্যাপারীরা কাঙ্ক্ষিত দাম না বলায় বেশির ভাগ কৃষক সকালের দিকে সবজি বিক্রি করেননি। তাঁরা দাম বাড়ার আশায় বসে ছিলেন। কিন্তু সরবরাহ বেশি হওয়ায় ব্যবসায়ীরা তাঁদের ইচ্ছামতো দাম কমিয়ে দেন। যে কারণে দুপুর থেকে কম দামেই সবজি বিক্রি করে বাড়ি ফিরতে থাকেন কৃষকেরা।
কৃষক ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন সবচেয়ে বেশি দাম পড়েছে ফুলকপি, পাতাকপি ও দেশি আলুর। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি মণ ফুলকপি ৭০০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে তা কমে গতকাল ৩০০ টাকায় নেমে আসে। অথচ এক দিন আগে সোমবারও প্রতি মণ ফুলকপি ৪৫০ টাকায় বিক্রি হয়েছিল।
একইভাবে গতকাল মহাস্থান পাইকারি মোকামে প্রতি মণ মুলা ২০০ টাকা, টমেটো ১ হাজার টাকা, বেগুন ৪০০ টাকা, শিম ৮০০ টাকা, পেঁপে ২০০ টাকা, গাজর ১ হাজার টাকা, কাঁচামরিচ ৮০০ টাকা, দেশি পাকড়ি আলু ৭০০ টাকা এবং গ্রানুলা আলু ৬০০ টাকা দরে কেনাবেচা হয়েছে। আর প্রতিটি পাতাকপি বিক্রি হয়েছে ১২ টাকায়।
অথচ এক দিন আগেও প্রতিমণ মুলা ৩০০ টাকা, টমেটো ১ হাজার ২০০ টাকা, বেগুন ৬০০ টাকা, শিম ১ হাজার টাকা, গাজর ১ হাজার ২০০ টাকা, কাঁচামরিচ ১ হাজার ২০০ টাকা, দেশি পাকড়ি আলু ৯০০ টাকা, গ্রানুলা আলু ৮০০ টাকা দরে কেনাবেচা হয়েছে। পাতাকপি প্রতিটি ১৮ টাকা দরে বিক্রি হয়েছে।
আর এক সপ্তাহ আগে মহাস্থান হাটে প্রতিমণ মুলা ৬০০ টাকা, বেগুন ৮০০ টাকা, শিম ও গাজর ১ হাজার ৬০০ টাকা, কাঁচামরিচ ১ হাজার ৩০০ টাকা, পেঁপে ৪৫০ টাকা, পাকড়ি আলু ২ হাজার ৪০০ টাকা ও গ্রানুলা আলু ২ হাজার টাকা দামে বিক্রি হয়েছিল। তখন প্রতিটি পাতাকপি বিক্রি হয়েছিল ২২ টাকা দরে।
বেশ কয়েকজন কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়, এত কম দামে সবজি বিক্রি করলে তাঁদের লাভ হবে না। এমনকি উৎপাদন খরচও উঠবে না বলে তাঁদের দাবি।
রায়নগর গ্রামের কৃষক ফটু মিয়া বলেন, ‘খেত থ্যাকে ফুলকপি তুলে হাটত লিয়ে আসে বেকুব মনে গেচি। এক দিন আগে যে ফুলকপি ব্যাচনো ১৫ টেকা কেজি, আজক্যা বেচিচ্চি ৬ টেকা কেজি।’
বালাবত্রিশ গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে হাটত লতুন আলু বেচনো ৬০ টেকা কেজি। আজকা ব্যাচা লাগিচ্চে ১৬ টেকা কেজি। এতে খরচই উটলার লয়।’
এ প্রসঙ্গে মহাস্থান হাট সবজি, কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী এবং আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শীতকালীন সবজির দাম নির্ভর করে আমদানির (সরবরাহ) ওপর। এক দিন আগেও এই হাটে গড়ে ৩০ থেকে ৪০ ট্রাক সবজির আমদানি হয়েছে। মঙ্গলবার হঠাৎ সবজির আমদানি বেড়ে ৫০ থেকে ৬০ ট্রাকে উঠেছে। আমদানি বেড়ে যাওয়ায় দামও কিছুটা পড়েছে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ফলন ও দাম দুটোই ভালো পেয়েছেন কৃষকেরা। এখন আমদানি বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা কমলেও আগে ভালো দাম পাওয়ায় উৎপাদন খরচ উঠে যাবে।’