মহাসড়কে সেতুতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া–রংপুর মহাসড়কের মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় গত বুধবার বিকেল থেকে ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক দিয়ে ঘুরিয়ে দেন পুলিশের সদস্যরা। ছবিটি গতকাল দুপুরে বগুড়ার মহাস্থান বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়া–রংপুর মহাসড়কের মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় গত বুধবার বিকেল থেকে ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক দিয়ে ঘুরিয়ে দেন পুলিশের সদস্যরা। ছবিটি গতকাল দুপুরে বগুড়ার মহাস্থান বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাতুরিয়ায় করতোয়া নদীর ওপর মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের নয়টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে পুলিশের তত্ত্বাবধানে ওই সেতু দিয়ে সীমিত কিছু হালকা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। আর ভারী যানবাহন চলছে মহাস্থান-শিবগঞ্জ-মোকামতলা সড়ক হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে।

বগুড়া ট্রাফিক পুলিশ বিভাগের পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, সওজের পক্ষ থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পরপরই বুধবার সন্ধ্যায় সেখানে লাল পতাকা ও বিকল্প পথে যান চলাচলের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা ও যানজট এড়াতে ট্রাফিক পুলিশের আটজন সদস্য বিকল্প পথে ভারী যানবাহন চলাচলে সহায়তা করছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, করতোয়া নদীর ওপর মহাস্থান সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, মুক্তিযুদ্ধের অনেক আগে নির্মিত এ সেতুটি মুক্তিযুদ্ধের সময় বেশ ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর বিভিন্ন মহাসড়কে আধুনিক সেতু হলেও এখনো ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই যানবাহন চলাচল করছে।

পরিবহনমালিকদের একটি সূত্রে জানা গেছে, মহাস্থান সেতু হয়ে দিনে-রাতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের ৫০০-৬০০ বাস চলাচল করে। এ ছাড়া হিলি, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর থেকে প্রতিদিন আমদানি-রপ্তানির পণ্য নিয়ে কয়েক হাজার ট্রাক চলাচল করে দেশের বিভিন্ন জেলায়। দক্ষিণের ভোমরা ও বেনাপোল স্থলবন্দর থেকেও কিছু পণ্য আসে ট্রাকে উত্তরের বিভিন্ন জেলায়।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুর গার্ডারের নিচে বড় ফাটল দেখা দেওয়ায় সেখানে লাল পতাকা উড়ছে। সেতুর দুই পাশে পুলিশের সহযোগিতায় সতর্কতার সঙ্গে ধীর গতিতে একটার পর একটা যাত্রীবাহী বাস সীমিতভাবে পারাপার হচ্ছে। পণ্যবাহী ট্রাক পারাপার করে দেওয়া হচ্ছে মহাস্থান জাদুঘরের সামনে দিয়ে শিবগঞ্জ উপজেলা হয়ে। রডবাহী একটি ট্রাকের চালক আজিজুর রহমান বলেন, সরু সড়কে ভারী যানবাহন অত্যন্ত ধীর গীততে চালাতে হচ্ছে। এতে অতিরিক্ত প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরতে এক ঘণ্টার বেশি সময় লাগছে। শিবগঞ্জ সড়কেও কয়েকটি ছোট সেতু ভাঙা ও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় শিবগঞ্জ হয়েও যান চলাচল বন্ধ হতে পারে।

বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই পরিবহনমালিকদের পক্ষ থেকে মহাস্থান সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে নতুন করে সেতু নির্মাণের দাবি জানানো হচ্ছিল। সেতুর যে অবস্থা তাতে যেকোনো সময় উত্তরবঙ্গের সঙ্গে বগুড়া-ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি কতটা ঝুঁকিপূর্ণ এবং তা মেরামত সম্ভব কি না, সে ব্যাপারে মতামত জানাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে একটি বিশেষজ্ঞ দল বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে সেতুটির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়া–রংপুর মহাসড়কের মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় গত বুধবার বিকেল থেকে ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক দিয়ে ঘুরিয়ে দেন পুলিশের সদস্যরা। ছবিটি গতকাল দুপুরে বগুড়ার মহাস্থান বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়া–রংপুর মহাসড়কের মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় গত বুধবার বিকেল থেকে ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক দিয়ে ঘুরিয়ে দেন পুলিশের সদস্যরা। ছবিটি গতকাল দুপুরে বগুড়ার মহাস্থান বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

নতুন সেতু নির্মাণ কত দূর

আগামী বছরের শুরুতে এই সেতুর পাশে একই দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সেতু মন্ত্রণালয়। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইভপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে এই নতুন সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। প্রকল্পের অতিরিক্ত পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, নতুন সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর দরপত্র দাখিলের তারিখ নির্ধারিত রয়েছে। দরপত্র বাছাই প্রক্রিয়া শেষ করে কার্যাদেশ দিতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে। ফেব্রুয়ারিতে কাজ শুরু করা গেলে পরবর্তী ২৬ মাসের মধ্যে শেষ হওয়ার কথা। ২০২০ সালে সেতুটি যাতে চালু করা যায়, সেই লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ চলছে। নতুন সেতু চালু হলেও এর পাশাপাশি পুরোনো সেতুতে যান চলাচল যেহেতু উন্মুক্ত থাকবে, সে কারণে এটি রক্ষণাবেক্ষণও সংস্কারের দায়িত্ব সওজের।

জয়পুরহাটের সঙ্গে ঢাকা-বগুড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মোকামতলা-জয়পুরহাট সড়ক দীর্ঘদিন ধরে বেহাল থাকায় যানবাহন চলছিল ঝুঁকি নিয়ে। গতকাল ভোরে সড়কের বলরামপুর নামক স্থানে প্রথমে একটি ডালবাহী ট্রাক দেবে যায়। এরপর আরও চারটি যানবাহন সেখানে দেবে গিয়ে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

কালাই বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শহিদুল ইসলাম বলেন, বলরামপুরে কয়েকটি ট্রাক দেবে যাওয়ায় জয়পুরহাট জেলার সঙ্গে বগুড়া ও রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ হয়ে গেছে।

সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, গর্তে দেবে যাওয়া যানবাহনগুলো টেনে তোলার জন্য সওজের উদ্ধারকারী ট্রাক সেখানে পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই জয়পুরহাটের সঙ্গে বগুড়ার সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। আগামী বছরে এ সড়কটি আধুনিকায়নের কাজ হবে বলে জানান তিনি।