মহেশখালীতে জমি পাবে বড় শিল্প

ভবিষ্যতে দেশের অর্থনীতিকে বদলে দেবে, এমন বড় বড় শিল্পকারখানা প্রতিষ্ঠার জন্য জমি দেওয়া হবে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩-এ। বিশেষ করে যেসব শিল্পের জন্য গভীর সমুদ্রের প্রয়োজন হবে, তাদের এ অর্থনৈতিক অঞ্চলে জমি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
টিকে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেডকে (এসপিপিএল) জমি দেওয়ার সমঝোতা চুক্তি সইয়ের অনুষ্ঠানে গতকাল রোববার এসব কথা জানান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে এসপিপিএলকে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে ৩০০ একর জমি দেওয়ার চুক্তি সই হয়।
টিকে গ্রুপ এ জমিতে যৌথ বিনিয়োগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল এবং জ্বালানি তেল ও গ্যাসের উপজাত থেকে প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল উৎপাদনের কারখানা করবে। এ ধরনের কারখানা বাংলাদেশে এখনো হয়নি। এ প্রকল্পে অংশীদার হতে পারে এসকে গ্যাস, যাদের মূল প্রতিষ্ঠান এসকে গ্রুপ দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ প্রকল্পে বিনিয়োগের জন্য আগেই এসকে গ্যাসের সঙ্গে টিকে গ্রুপের সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কাজ হলে এ প্রকল্পে এসকে গ্যাসের ১২৫ থেকে ১৫০ কোটি ডলার বিনিয়োগ আসতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এ প্রকল্পটির অগ্রগতি নিয়মিত তদারকির পরামর্শ দেন বেজাকে। তিনি বলেন, ৩০০ একর জমিতে এসপিপিএল যদি ধাপে ধাপে বিনিয়োগ করে তাহলে তাদের অগ্রগতি দেখে ধাপে ধাপে জমি দেওয়া যেতে পারে। একসঙ্গে পুরো জমিতে বিনিয়োগ করলে প্রকল্পটির অগ্রগতি তদারকিতে রাখতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পোশাক খাতনির্ভর। এখন পোশাক খাতের বাইরে বিভিন্ন শিল্পে বিনিয়োগ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। সুপার পেট্রোকেমিক্যালের কারখানা এ ক্ষেত্রে একটি উদাহরণ। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে জমি একটি সমস্যা ছিল। বেজা সেই সমস্যা সমাধান করে ফেলেছে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা জ্বালানি খাতে বিনিয়োগের কেন্দ্র হবে বলে উল্লেখ করে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩–এ যোগাযোগ অবকাঠামো হিসেবে চার লেন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের কার্যক্রম শুরু করেছে, যার একটি অংশ মহেশখালী পর্যন্ত যাবে। তিনি আরও বলেন, চীনের কুনমিং স্টিল নামের একটি বড় প্রতিষ্ঠান মহেশখালীতে ২০০ কোটি ডলার বিনিয়োগের জন্য জমি চেয়েছে। এ ছাড়া আমেরিকান ইথেন, ইস্ট কোস্ট গ্রুপসহ অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান মহেশখালীতে জমি চায়। আগামী জানুয়ারিতে এসপিপিএলকে চুক্তি অনুযায়ী ৩০০ একর জমি বুঝিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
এসপিপিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, বাংলাদেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বছরে সাড়ে ৪ কেজি, যা বছরে ১০ শতাংশ হারে বাড়ছে। প্লাস্টিকের কাঁচামালের প্রায় পুরোটাই আমদানি করা হয়। এসপিপিএল সেটা দেশেই উৎপাদন করতে চায়। এলপিজি টার্মিনালের বিষয়ে তিনি বলেন, গত তিন বছর দেশে এলপিজির বাজার ৬০ শতাংশ হারে বাড়ছে। এ খাতে এসকে গ্যাস সহযোগী হলে দক্ষতার সঙ্গে বিশ্ববাজার থেকে এলপিজি সংগ্রহ করা যাবে।
সমঝোতা চুক্তিতে বেজার পক্ষে সংস্থাটির নির্বাহী সদস্য হারুনুর রশিদ ও এসপিপিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার সই করেন। এ সময় এসকে গ্যাসের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রোহো কানঘো উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি। তবে এসকে গ্যাস নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ঢাকায় কোরিয়া দূতাবাসের মহাপরিচালক ও বাণিজ্য বিভাগের প্রধান জে ডব্লিউ কিম উপস্থিত ছিলেন।