মহেশখালীর পানচাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিভিন্ন হাটবাজারে এক বিরা (৮০টি) পান ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও বাজারে এই পান বিক্রি হয়েছে মাত্র ৫০ টাকায়। হঠাৎ পানের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় চাষিদের মুখে হাসি ফুটেছে।
জনতাবাজারে গিয়ে গত শুক্রবার দুপুরে দেখা যায়, দুই শতাধিক চাষি ঝাঁকায় করে পান বিক্রি করতে বাজারে এসেছেন। এসব পান কিনতে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে আসেন ব্যবসায়ীরা। কেনাবেচার পর পান ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন এলাকায়।
উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পানচাষি নুরুল আলম ও মিয়া হোসেন জানান, এক মাসে আগেও চাষিরা পানের দাম পাননি। তবে দুই সপ্তাহে ধরে বাজারে পানের দাম হু হু করে বাড়ছে। এখন পানের উৎপাদন কম হওয়ায় দাম বাড়ছে বলে মনে করছেন তাঁরা।
জানা যায়, মহেশখালী উপজেলায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। তার মধ্যে বিল বরজ ১৫০ হেক্টর ও পাহাড়ি বরজ রয়েছে এক হাজার ৩৫০ হেক্টর। প্রতি হেক্টর জমিতে ছয়টি পানের বরজ করা যায়। চাষিরা জানান, তাঁদের এলাকায় পানের বরজের সংখ্যা প্রায় নয় হাজার। চাষিদের সংখ্যা প্রায় ১৩ হাজার।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন বলেন, এক হেক্টর জমিতে পান চাষ করতে খরচ লাগে সাড়ে ছয় লাখ টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদিত হয়। প্রতি হেক্টর জমিতে উৎপাদিত পান বিক্রি হয় গড়ে ১৬ লাখ টাকার মতো দামে। এতে খরচ বাদ দিয়ে চাষিদের নয় লাখ টাকার মতো মুনাফা থাকে। তিনি আরও বলেন, দুই সপ্তাহ ধরে বাজারে পানের ন্যায্য দাম পাওয়ায় চাষিরা খুশি।