মাংস ও রান্নার মসলার দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে বিভিন্ন মসলার দাম। এক সপ্তাহের ব্যবধানে মাংস রান্নার অন্যতম মসলা আদার দাম বেড়েছে কেজিতে ২৮ থেকে ৩০ টাকা। অর্থাৎ, এক সপ্তাহ আগে যে আদা বিক্রি হতো ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে, গতকাল শনিবার খুচরা বাজারে তা বিক্রি হয়েছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে।

শুধু কি আদা? এলাচি ও লবঙ্গ ৫০ টাকা, দারুচিনি ২০ টাকা ও জিরার দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে। ধনে ও তেজপাতার দাম আগের মতোই আছে।

এক সপ্তাহ আগে এলাচি মানভেদে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বেচাকেনা হয়েছিল। লবঙ্গের দাম ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি। এ ছাড়া জিরার দাম ৩৫০ থেকে ৪২০ এবং দারুচিনির দাম ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি ছিল।

সরেজমিনে গতকাল কারওয়ান বাজারে এ চিত্র পাওয়া গেছে। কারওয়ান বাজারের মাহামুদ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মাসুদ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে কিছু পণ্যের দাম বেড়েছে। বেশি দাম দিয়ে কিনতে হয়েছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

পেঁয়াজ-রসুনের দাম অবশ্য আগের মতোই আছে। দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ এবং আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে গতকাল। যদিও রসুনের দর এক মাস আগেই বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল দেশি রসুন ১৫০ থেকে ১৭০ এবং আমদানি করা রসুন ১৭০ থেকে ১৯০ টাকা দরে বেচাকেনা হলেও এক মাস আগে তা ২০ টাকা করে কম ছিল।

জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গতকাল প্রথম আলোকে বলেন, নিত্যপণ্যের বাজারে তদারকি অব্যাহত রয়েছে। এই ফাঁকেও কিছু মসলার দাম বেড়ে গেছে। গ্রামের বাড়িতে গিয়ে দোকানে খোঁজ নিয়ে তিনি আদার দাম বৃদ্ধির সত্যতা পেয়েছেন বলে জানান।

বাণিজ্যসচিব আরও বলেন, বাজার-ব্যবস্থাপনা এখন এমন যে, বেশি মুনাফার আশায় কেউ যদি কোনো পণ্য বেশি আমদানি করেন, নিশ্চিত তিনি লোকসানের মধ্যে পড়বেন।

সেগুনবাগিচা কাঁচাবাজারে গতকাল সরেজমিনে দেখা যায়, গরুর মাংস কেনাবেচা হয়েছে ৪২০ থেকে ৪৩০ টাকা কেজি দরে। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি মাঝারি মানের প্রতি পিস ২৫০ টাকা, দেশি মুরগি পিস ৪০০ থেকে ৪৫০ টাকা করে কেনাবেচা হয়েছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। করলা ৬০, ঝিঙে ৫০, কাঁকরোল ৪০, বেগুন ৪০ থেকে ৫০, কচুর মুখি ৪০, ঢ্যাঁড়স ৪০-৫০, কচুর লতি ৫০, আলু ২৫-২৮, পটোল ৪০, বাঁধাকপি ও ফুলকপি পিস ২৫-৩০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে গতকাল কেনাবেচা হয়েছে।

সেগুনবাগিচা বাজারে গতকাল দুপুরে মাসের বাজার ও ঈদের বাজার একসঙ্গে করতে আসা নাসরিন বেগম প্রথম আলোকে বলেন, ‘আপাতত মনে হচ্ছে, ঈদ উপলক্ষে খুব বেশি পণ্যের দাম বাড়েনি। কিন্তু আমরা যারা প্রতি মাসে বাজার করি, ঠিকই বুঝতে পারি যে কোন পণ্যের দাম কত টাকা বেড়েছে।’

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকাল পর্যন্ত তথ্য অনুযায়ী, এক মাসে চাল ৮ শতাংশ, ভোজ্যতেল ৫ শতাংশ, রসুন ২৩ শতাংশ, হলুদ ৩৫ শতাংশ ও লবণের দাম ১৪ শতাংশ বেড়েছে।