মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার চেয়েছে বারভিডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন গাড়ির সঙ্গে পুরোনো গাড়ির শুল্কায়ন মূল্যসংক্রান্ত বৈষম্য নিরসনের প্রস্তাব করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। তবে বারভিডা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের প্রয়োজন ও রাজধানীর যানজট হ্রাসের বিষয়টি বিবেচনা করে সব ধরনের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে। সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে মাইক্রোবাসের দাম বাড়ায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ঝুঁকিপূর্ণ গাড়ির ব্যবহার আরও বেড়ে যাবে।আবার উন্নতমানের মাইক্রোবাস রাজধানীর বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা-যাওয়ার কাজে ব্যবহূত হয়। একটি মাইক্রোবাস দুই বা ততোধিক গাড়ির সমপরিমাণ যাত্রী বহনে সক্ষম হয়। এসব যুক্তি বিবেচনায় নিয়ে বারভিডা মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে। বারভিডার এক বাজেট-প্রতিক্রিয়ায় এসব দাবি জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের রাজস্ব নীতিতে এত বেশি সিসি স্ল্যাব করা হয়েছে, একই আকার-আয়তনের গাড়ির ১০০ বা ২০০ সিসি পার্থক্যের কারণে শুল্ককরের পরিমাণ কয়েক গুণ কম বা বেশি হয়ে যাচ্ছে। এর ফলে এক বা দুটি ব্র্যান্ডের কম সিসির গাড়ি যে সুবিধা পাচ্ছে তাতে তাদের একচেটিয়া ব্যবসা করার সুযোগ সৃষ্টি হচ্ছে এবং ভোক্তা-সাধারণ তাদের পছন্দের গাড়ি-প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ভোক্তাদের কথা বিবেচনা করে বারভিডা রাজস্বনীতিতে গাড়ির সিসি স্ল্যাব পুনর্বিন্যাস চেয়েছে বারভিডা। বারভিডা আরও বলেছে, এ বছরও গাড়ি আমদানিতে উচ্চহারে শুল্ক বহাল রাখা হয়েছে। এতে সামগ্রিকভাবে গাড়ি আমদানির সংখ্যা কমে যাবে। নতুন গাড়ির শুল্কমূল্য নির্ধারণ প্রথায় পরিবর্তন আনায় নতুন গাড়ির দাম বাড়বে। অন্যদিকে জাপানের সুনামি-পরবর্তী নতুন গাড়ির উৎপাদন আগের গতিতে চালু না হওয়ায় পুরোনো গাড়ির বাজার সংকুচিত হয়ে পড়েছে।