মাইক্রোম্যাক্স নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনল বাজারে

বাংলাদেশের বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এল ভারতের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরমেটিকস। নতুন মডেলের এ স্মার্টফোনের নাম ক্যানভাস এ১ (এ ওয়ান)।
নতুন এই মুঠোফোনের দাম ধরা হয়েছে নয় হাজার ৯৯৯ টাকা। আজ শুক্রবার থেকে সারা দেশে এই মুঠোফোন কিনতে পাওয়া যাবে।
স্মার্টফোনটির যাত্রা শুরু উপলক্ষে ঢাকার গুলশানের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে মাইক্রোম্যাক্স। এতে জানানো হয়, গুগল-সমর্থিত অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম দিয়ে চলবে এই মুঠোফোন।
এই স্মার্টফোনে আরও আছে সামনে ও পেছনে ব্যবহারের উপযোগী ক্যামেরা, এক জিবি (গিগাবাইট) র্যা ম, ১.৩ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসর, দুটি সিম, এফএম রেডিও এবং অতিরিক্ত তথ্য সংরক্ষণের জন্য মাইক্রোএসডি কার্ড সুবিধা।
মাইক্রোম্যাক্সের আন্তর্জাতিক ব্যবসায় প্রধান অমিত মাথুর বলেন, ‘এই সেট ব্যবহারকারীদের জন্য পরবর্তী দুই বছর গুগল থেকে সরাসরি সব আপডেট পাওয়ার নিশ্চয়তা রয়েছে।’
গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কেইসার সেন গুপ্তা সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় বলেন, ‘মাইক্রোম্যাক্স ইনফরমেটিকসের সঙ্গে অংশীদারির মাধ্যমে সাশ্রয়ী দামে উচ্চ মানসম্পন্ন মুঠোফোন বাজারজাত করতে পেরে আমরা আনন্দিত।’