মাইক্রোম্যাক্সের নতুন প্রধান নির্বাহী ভিনীত তানেজা

মোবাইল হ্যান্ডনোট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন স্যামসাং ইন্ডিয়ার প্রধান ভিনীত তানেজা। আজ রোববার দ্য হিন্দুর এক খবরে এ তথ্য জানানো হয়।
ভিনীত তানেজা ভারতের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছে মাইক্রোম্যাক্স।
এ প্রসঙ্গে মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মা বলেন, নতুন এই পদক্ষেপের ফলে কোম্পানির অবস্থান আরও সুদৃঢ় হবে।
হিন্দুস্তান লিভার, নকিয়া, ভারতী এয়ারটেল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে তানেজার।
গত অক্টোবরে ব্যক্তিগত কারণে সাবেক সিইও দীপক মেহরোত্রার পদত্যাগের পর রাহুল শর্মা অন্তর্বর্তী দায়িত্ব পালন করেন। এ মাসের শুরুতে স্যামসাং থেকে তানেজার পদত্যাগের কথা শোনা গেলেও এটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির তথ্যমতে, ২০১৩ সালে ভারতে স্মার্টফোন বিক্রি প্রায় তিন গুণ বেড়েছে। এই সময়ে প্রায় চার কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে।