মাইডাস ফাইন্যান্সিং রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেল
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের ৫২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি ১:১ হারে মোট ছয় কোটি এক লাখ ৩৪ হাজার ৩৩৮টি অধিকারমূলক শেয়ার বাজারে ছাড়বে। অর্থাৎ বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার ছাড়ার জন্য মাইডাস ফাইন্যান্সিংকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ও মূলধন বেড়ে দ্বিগুণ হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মাইডাস ফাইন্যান্সিং-সম্পর্কিত প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানিটির বিদ্যমান বা বর্তমান শেয়ারের সংখ্যা ছয় কোটি এক লাখ ৩৪ হাজার ৩৩৮টি। এর মধ্যে প্রায় এক কোটি ৮৬ লাখ বা ৩০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। উদ্যোক্তা পরিচালকদের হাতে তিন কোটি ১০ লাখ বা ৫১ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে। বাকি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।
বিএসইসির তথ্য অনুযায়ী, মাইডাসের প্রতিটি অধিকারমূলক শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এই দামে বিদ্যমান শেয়ারধারীদের কাছে অধিকারমূলক শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা সংগ্রহ করবে।
নিয়ম অনুযায়ী, বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি শেয়ারের মালিকানা নির্ধারণের জন্য আগামী ৩ আগস্ট রেকর্ড তারিখ ঘোষণা করেছে। ওই দিন শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির বিদ্যমান শেয়ার থাকবে তাঁরা অধিকারমূলক শেয়ারের আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন। সেপ্টেম্বর মাসজুড়ে কোম্পানির পক্ষ থেকে অধিকারমূলক শেয়ারের টাকা গ্রহণ করা হবে। ওই সময়ের মধ্যে বিনিয়োগকারীরা ব্যাংকে টাকা জমা দিয়ে নির্দিষ্ট পরিমাণ শেয়ারের জন্য আবেদন করবেন।
বিএসইসি জানিয়েছে, বাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি তাদের মূলধন ঘাটতি পূরণ করবে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ কোটি টাকার পরিশোধিত মূলধন চাহিদা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে মাইডাস ফাইন্যান্সের পরিশোধিত মূলধন রয়েছে প্রায় ৬০ কোটি টাকা। অধিকারমূলক শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে আরও ৬০ কোটি টাকা সংগ্রহ করে মূলধন চাহিদা পূরণ করা হবে।
যোগাযোগ করা হলে মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শফিক উল আজম প্রথম আলোকে বলেন, সংগৃহীত অর্থ দিয়ে বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী মূলধন ঘাটতি মেটানো হবে। এ ছাড়া উচ্চ সুদে ব্যাংক থেকে নেওয়া কিছু ঋণও পরিশোধ করা হবে। এতে করে ভবিষ্যতে প্রতিষ্ঠানের আয়ে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।
জানা গেছে, ২০১২ সালে প্রথম বিএসইসিতে মাইডাস ফাইন্যান্সিং অধিকারমূলক শেয়ার ছাড়ার আবেদন করে। কিন্তু ওই বছর প্রতিষ্ঠানটি লোকসানে থাকায় সেই আবেদন নাকচ করে দেওয়া হয়।
আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি লোকসানে থাকলে অধিকারমূলক শেয়ার ছাড়তে পারে না।
এদিকে গত মঙ্গলবার অধিকারমূলক শেয়ার ছাড়ার অনুমোদন লাভের পর গত দুই কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রতিদিন প্রায় ১০ শতাংশ করে বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এটির দাম বেড়ে হয়েছে ১৯ টাকা ৪০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬ টাকা ১০ পয়সা।