মাইডাস ফাইন্যান্সের রাইট অনুমোদন
মাইডাস ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৫২২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাইডাস ফাইন্যান্স একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। মোট ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩৮টি সাধারণ শেয়ারের বিপরীতে সমপরিমাণ রাইট শেয়ার ছেড়ে প্রতিষ্ঠানটি বাজার থেকে ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্যে অর্থাত্ ১০ টাকায় প্রতিটি শেয়ার ইস্যু করা হবে।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধন ভিত্তি শক্তিশালীকরণ, লিজ ফাইন্যান্স, টার্ম ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, গৃহায়ণ ঋণ সম্প্রসারণ প্রভৃতি খাতে ব্যবহার করবে।
রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
এদিকে আজকের সভায় এবি ব্যাংক লিমিটেডের ২৫০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি জানিয়েছে এই বন্ডের মেয়াদ হবে সাত বছর। কেবল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবে। এর প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।