মাছ-সবজি দুই বাজারেই ফিরেছে ক্রেতার স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ রপ্তানিতে (চিংড়ি ছাড়া) সরকারের নিষেধাজ্ঞা আরোপের পর মাছের বাজারে স্বস্তি ফিরে এসেছে। মাছ খাওয়া যাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তাঁরা এখন মাছের বাজারমুখী হয়েছেন। কারণ, সব ধরনের মাছের দামই কমেছে।রাজধানীর কয়েকটি বড় মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে কয়েক ধরনের মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০-৪০০ টাকা।মধ্য রমজানে এসে অন্য সব নিত্যপণ্যের বাজারেও ক্রেতার স্বস্তি ফিরেছে। রমজানের শুরুতে নিত্যপণ্যের যে চড়া দাম ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। মাছের সরবরাহ ভালো: গত ৩১ জুলাই চিংড়ি ছাড়া সব ধরনের কাঁচা মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এর পরই বিভিন্ন স্থলবন্দর থেকেও ফিরে আসতে থাকে মাছবাহী ট্রাক। ফলে বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, কমেছে দাম।সপ্তাহ দুয়েক আগেও যে ইলিশের (এক কেজি) দাম ছিল ১৩০০-১৫০০ টাকা, তা গতকাল শনিবার ৯৫০-১০০০ টাকায় নেমে আসে। মাঝারি আকারের জোড়া ইলিশের দামও ১০০০-১৩০০ টাকা থেকে কমে নেমে এসেছে ৭০০-৮০০ টাকায়।দেশের অন্যতম বড় পাইকারি মৎস্য বাজার যাত্রাবাড়ীতে। এ বাজারে গতকাল প্রতিটি এক কেজি ওজনের এক হালি ইলিশের পাইকারি দাম ছিল তিন হাজার টাকা। আর মাঝারি আকারের এক হালি ইলিশ বিক্রি হয় এক হাজার ২০০ টাকায়।যাত্রাবাড়ী মৎস্য আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, মাছ রপ্তানি নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাচ্ছে। স্থায়ীভাবে মাছ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশি মাছ দিয়ে নিজেদের চাহিদাই মেটাতে পারি না। সরকারের উচিত ইলিশসহ সব মাছ রপ্তানি সব সময়ের জন্য বন্ধ ঘোষণা করা।’পাইকারি ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, বাজারে ইলিশের দাম কমলে অন্য সব মাছের দামও কমে যায়। কথাটির সত্যতা পাওয়া গেল বাজার ঘুরেও। যেমন—বাজারে এখন বড় আকারের দেশি রুই ও কাতল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকায়। যা এর আগে ছিল ৩৫০-৪০০ টাকা। এ ছাড়া বাজারভেদে প্রতি কেজি পাঙাশ ১১০-১৩০ টাকায় ও তেলাপিয়া ১৩০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবজিও এখন সস্তা: রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বেশ কমেছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ২৫-৩০ টাকায়। যা কয়েক দিন আগেও বিক্রি হয় ৩০-৪০ টাকা কেজি। প্রতি কেজি শসা ২০ টাকা; ঝিঙে, করলা, পটোল, কাঁকরোল, ধুন্দুল ও চিচিঙ্গা ২৫ টাকা; গাজর ৩৫ টাকা; বরবটি ৩০ টাকা; কচুমুখী ৩০ টাকা; পেঁপে ২০ টাকা এবং এক হালি কাঁচকলা ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি টমেটো ৮০ টাকায় ও আলু ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে।বিক্রেতারা বলছেন, বাজারে একদিকে সবজির সরবরাহ ভালো, অন্যদিকে চাহিদা কমে যাওয়ায় তাঁরা কম দামে বিক্রি করছেন।দাম বৃদ্ধি: অন্য সব পণ্যের দাম যখন কমছে, তখন মসুর ডাল, মুরগি ও আটার দাম কিছুটা বেড়েছে। এর মধ্যে দেশি মসুর ডালের দাম কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়ে হয়েছে ১১২-১১৫ টাকা। নেপালি (বড় দানা) মসুর ডাল বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা। গত সপ্তাহে ১৪০-১৪৫ টাকায় বিক্রি হওয়া এক কেজি ওজনের ব্রয়লার মুরগি গতকাল বিক্রি হয় ১৫০-১৫৫ টাকায়।