মাছের ট্রলারে ডাকাতি রোধে সরকারের হস্তক্ষেপ দাবি
সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা চাঁদাবাজি ও দস্যুতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করে সমুদ্রে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছে মৎস্যজীবী উপজাতি ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটি। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে সংগঠনটি।রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে সংগঠনের কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত জরুরি সভায় এসব দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। প্রথম আলোর বরগুনা প্রতিনিধি জানান, গত ১৫ দিনে জলদস্যুরা ৪০০ ট্রলারের ১০ কোটি টাকার মাছ ও জাল লুট করে। অপহূত হন প্রায় ৩০০ জেলে। ভরা মৌসুমে ইলিশ ধরা না পড়ায় এমনিতেই জেলে ও ব্যবসায়ীরা হতাশ। তার ওপর দস্যুদের তাণ্ডবে জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।মৎস্যজীবী উপজাতি ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটির সভাপতি আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, জেলেদের মধ্যে অপহরণ ও ডাকাতি-আতঙ্ক কাজ করছে। সে কারণে তাঁরা মাছ ধরতে সাগরে যেতে সাহস করছেন না। ফলে বাজারে মাছের সরবরাহ কমে গেছে। আর বেড়েছে মাছের বিশেষত ইলিশের দাম। সরকার মাছ রপ্তানি বন্ধ করায় রপ্তানিকারকেরা জলদস্যুদের সঙ্গে যোগসাজশ করে এসব কাজ করছেন বলেও অভিযোগ করেন আবু বকর।