
বর্ষা মৌসুমে নদীতে বেলে মাছ বেশি ধরা পড়ে। ঢাকার বাজারে যখন তাজা বেলে মাছ আসে, তখন তা থেকে চোখ ফেরানো যায় না। কিন্তু সেই মাছ কেনার সাধ্য সবার নেই। এখন এক কেজি মাঝারি আকারের বেলে মাছের দামও বিক্রেতারা ৭০০ টাকার বেশি চান। আকার আরেকটু বড় হলে দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি হাজার টাকা।
বেলের মতো বর্ষায় যেসব মাছ বেশি পাওয়া যায়, সেই সব মাছের দাম ব্যাপক চড়া। একই সঙ্গে বেড়ে গেছে রুই, কাতলা, চিংড়ি, শিং, মাগুরসহ বিভিন্ন মাছের দাম। বিক্রেতারা বলছেন, বন্যা ও নদীতে পানি বেশি থাকায় মাছ ধরা যাচ্ছে না। এতেই সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে গেছে।
রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারে গতকাল শনিবার বেশ বড় আকারের এক কেজি বেলে মাছের দাম বিক্রেতা ১ হাজার ২০০ টাকা চাইলেন। বাজার ঘুরে দেখা গেল, বিভিন্ন আকারের বেলে মাছ আছে। তাজা মাছ ছোট আকারের হলেও দাম কেজিপ্রতি সর্বনিম্ন ৬৫০ টাকা। নদীর যেকোনো মাছই বিক্রেতারা কেজিপ্রতি ৬০০ টাকার বেশি দাম চাইছিলেন।
রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী বাজার ঘুরে দেখা গেছে, আকারে বড় হলে চাষের রুই-কাতলার দামও ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি চাওয়া হচ্ছে। ছোট রুই-কাতলার কেজিও ৩০০ টাকা চাইছেন বিক্রেতারা। শিং-মাগুরের দাম আরও বেশি, আকারভেদে কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা। দেশি হলে হাজার টাকার বেশি। নদীর চিংড়ির দাম সর্বনিম্ন ৭০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকা কেজি। আর ৫০০ টাকা কেজিতে যে চাষের চিংড়ি পাওয়া যেত, সেটা এখন ৬০০ টাকার নিচে মিলছে না। তবে চাষের কই, পাঙাশ ও তেলাপিয়ার দাম বাড়েনি। এসব মাছ কেজিপ্রতি ১২০ থেকে ১৬০ টাকার মধ্যে মিলছে। অবশ্য মান ও বাজারভেদে মাছের দাম নানা রকম।
জানতে চাইলে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার প্রথম আলোকে বলেন, নদীতে পানি বেশি থাকায় মাছ ধরা পড়ছে না। পানি যখন টান দেবে, তখন মাছ ধরা পড়বে। তিনি বলেন, ইলিশের সরবরাহ বেশি হলে দাম কমবে।
এদিকে ঢাকার বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে দাম তেমন কমেনি। আধা কেজি ওজনের একটি ইলিশ ৪০০ টাকা, ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা, এক কেজির কিছুটা কম ওজনের ইলিশ প্রতিটি ৮০০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ প্রতিটি ১ হাজার ৩০০ টাকা চাইছেন বিক্রেতারা। কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা হৃদয় হাসান প্রথম আলোকে বলেন, এখন মাছ বেশি ধরা পড়ছে মেঘনা নদীতে। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।
ঢাকার বাজারে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা করে। ২০ টাকা কেজির আলু এখন ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মামুন হোসেন বলেন, হিমাগারের আলু বাজারে আসতে শুরু করেছে। এই আলু এলে দাম বেড়ে যায়। ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা ও দেশি পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
সবজির বাজারে নতুন করে দামে তেমন হেরফের হয়নি। বেশির ভাগ সবজি ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। করলা, বরবটি, ভালো বেগুনসহ কয়েকটি সবজি ৬০ টাকা কেজিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। এই সপ্তাহে বেড়েছে কাঁচা মরিচের দাম। ৮০ থেকে ১০০ টাকা কেজির কাঁচা মরিচ এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন করে উঠেছে আগাম শিম। দাম কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে।
বেশ কিছুটা কমেছে চিনির দাম। রোজায় যে চিনি কারওয়ান বাজারে কেজিপ্রতি ৭৫ টাকা ছিল, তা এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ওই বাজারের হাজী মিজান স্টোরের এক বিক্রেতা বলেন, এখন এক বস্তা চিনি ২ হাজার ৬৫০ টাকায় কেনা যাচ্ছে, যা রোজায় সর্বোচ্চ ৩ হাজার ৪৫০ টাকা ছিল। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমছে।
চাল, ভোজ্যতেল, ডাল, আটা, মসলাজাতীয় পণ্যের দামে নতুন করে কোনো হেরফের হয়নি।