মাছের দেশে মাছ আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: মৎস্য অধিদপ্তর
সূত্র: মৎস্য অধিদপ্তর

মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ। প্রতিবছরই বাড়ছে মাছের উৎপাদন। আবার পাল্লা দিয়ে প্রতিবছরই বাড়ছে মাছের আমদানিও।
মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর (২০১৪-১৫ অর্থবছর) বিভিন্ন দেশ থেকে দেশে মাছ আমদানি হয়েছে ৯৭ হাজার ৩৮৩ টন। এই মাছ আমদানিতে আমদানিকারকদের ব্যয় করতে হয়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার।
আমদানি করা মাছের তালিকায় আছে রুই, কাতলা, বোয়াল, আইড়, রুপচাঁদা, সার্ডিন, সেডসহ নানা মাছ। এই সার্ডিন ও সেড মাছ আবার ইলিশের মতো দেখতে। আর আমদানি করা ক্যাট ফিশের একটি বড় অংশ বিক্রি করা হচ্ছে বাটা মাছ হিসেবে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দেশে উৎপাদিত মাছ দিয়ে এখনো চাহিদা মিটছে না। সে কারণেই প্রতিবছর মাছ আমদানি বাড়ছে।
বাংলাদেশ মৎস্য আমদানিকারক সমিতির সভাপতি আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দেশে মাছের ঘাটতি আছে বলেই তো আমদানি হচ্ছে। তবে এই ঘাটতি ধীরে ধীরে কমে আসছে। দেশে মাছ চাষের পরিমাণ আগের চেয়ে বাড়ছে। তবে আশঙ্কার বিষয় হলো, সাগরের মাছ কমে যাচ্ছে। মাছ ধরার বোটে হিমায়িত করতে গিয়ে প্রচুর পোনা ধ্বংস হয়ে যাচ্ছে।’
তবে দেশে এখন মাছ আমদানির কোনো প্রয়োজনই নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান। প্রথম আলোকে বলেন, ‘খাওয়ার অযোগ্য কিছু মাছ দেশে আমদানি হয়। এগুলোর মধ্যে মানবদেহের ক্ষতিকর পদার্থ ক্যাডমিয়ামও পাওয়া গেছে। আমদানিনীতিতে মাছ আমদানিতে বিধিনিষেধ না থাকায় এবং আমদানি করা মাছে ফরমালিন ছাড়া অন্য পরীক্ষা করার বিধান না থাকার সুযোগ নিয়েই এসব মাছ আমদানি হচ্ছে।’
ভারত থেকে গত বছর ৩৩ হাজার টনের বেশি রুই-কাতলা মাছ আমদানি হয়েছে—জানালে আনিসুর রহমান বলেন, ‘ভারত-মিয়ানমার থেকে যেসব মাছ আসছে, সেগুলোতে ক্ষতিকর কিছু থাকে না, খাওয়ার যোগ্য। কিন্তু এসব মাছ হয়তো আন্ডার ইনভয়েসিং (প্রকৃত মূল্যের চেয়ে কম দেখানো) হয়ে থাকতে পারে। যার কারণে আপনি দেখবেন, দেশের রুই মাছের চেয়ে ভারতের রুই কম দামে বাজারে বিক্রি হয়।’
উৎপাদন বাড়ছে, বাড়ছে আমদানিও: মৎস্য অধিদপ্তর বলছে, গত বছর দেশে মাছের উৎপাদন ৩৭ লাখ টন ছাড়িয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে উৎপাদিত হয় ৩৫ লাখ টনের বেশি মাছ। ঠিক ছয় বছর আগে ২০০৭-০৮ অর্থবছরে দেশে মাছের উৎপাদন ছিল ২৫ লাখ টনের বেশি। অর্থাৎ সাত বছরে দেশে মাছের উৎপাদন বেড়েছে ১০ লাখ টন। প্রতিবছরই দেশে গড়ে ৫ শতাংশ হারে মাছের উৎপাদন বাড়ছে।
অন্যদিকে গত বছর দেশে ৯৭ হাজার টন মাছ আমদানি হয়েছে। আগের বছর ২০১৩-১৪ অর্থবছরে আমদানি হয়েছিল প্রায় ৭০ হাজার টন মাছ। মানে এক বছরে মাছের আমদানি বেড়েছে প্রায় ৩০ হাজার টন। অথচ সরকারি হিসাবমতে, এই সময়ে দেশে মাছের উৎপাদন বেড়েছে দুই লাখ টন।
আবার ২০১১-১২ অর্থবছরে দেশে মাছ আমদানি হয় ৩৭ হাজার টন। দুই বছর পর (২০১৩-১৪ অর্থবছরে) আমদানির পরিমাণ বেড়ে হয় প্রায় দ্বিগুণ। কিন্তু এই সময়ে দেশে মাছের উৎপাদন বেড়েছে সাড়ে তিন লাখ টন। অর্থাৎ প্রতিবছর দেশে মাছের উৎপাদন বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে আমদানিও।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে দেশে ৩৬ হাজার টন মাছ আমদানি হয়। সেটা গত বছর বেড়ে দাঁড়ায় প্রায় এক লাখ টনে। পাঁচ বছরে দেশে মাছ আমদানি বেড়েছে তিন গুণের বেশি।
রুই-কাতলা ভারতে রপ্তানি হচ্ছে, আমদানিও হচ্ছে: মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ জলাশয়ে (সমুদ্র ছাড়া) যত মাছ উৎপাদিত হয়, তার ১০ শতাংশই হচ্ছে রুই। ২০১৩-১৪ অর্থবছরে দেশে রুই উৎপাদিত হয়েছে প্রায় ৩ লাখ ৪ হাজার টন। আর মোট মাছের সাড়ে ৭ শতাংশ হচ্ছে কাতলা। এর পরিমাণ ২ লাখ ১৭ হাজার টন।
এবার একটা মজার তথ্য দিই। এত রুই-কাতলা উৎপাদনের পরও দেশে ভারত ও মিয়ানমার থেকে কার্পজাতীয় মাছ প্রচুর আমদানি হচ্ছে। এর মধ্যে রুই-কাতলাই বেশি।
মৎস্য অধিদপ্তর বলছে, গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত দেশে বরফায়িত কার্প মাছ আমদানি হয়েছে ৩৩ হাজার ৩২৮ টন। বরফায়িত মাছের প্রায় সবটাই আমদানি হয় বেনাপোল আর আখাউড়া স্থলবন্দর দিয়ে। মানে ভারত থেকে। মজার তথ্য হলো, একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে বরফায়িত রুই-কাতলা রপ্তানি হয়েছে ৭ হাজার ৭০০ টন।
বেশি আসছে সামুদ্রিক মাছ: দেশে প্রতিবছর যত মাছ আমদানি হচ্ছে, তার একটি বড় অংশই হলো সামুদ্রিক মাছ। মৎস্য অধিদপ্তর বলছে, গত বছর যে প্রায় এক লাখ টন মাছ আমদানি হয়েছে, তার মধ্যে ৫৮ হাজার টনই সামুদ্রিক মাছ। এই মাছের মধ্যে আছে সি ক্যাট ফিশ (মাগুর, শিংসহ অন্যান্য), রুপচাঁদা, সেড বা গিজার্ড সেড, সার্ডিন প্রভৃতি।
এসব সামুদ্রিক মাছ আমদানি হচ্ছে মিয়ানমার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ভিয়েতনাম, এমনকি উরুগুয়ে থেকেও।