মাঠে মরার শঙ্কায় নিরাপদ সবজি

ঢাকার ক্রেতারা আসতে পারছেন না, আবার স্থানীয় বাজারেও নিরাপদ সবজির ন্যায্যমূল্য মিলছে না। তাই কৃষকেরা মাঠ থেকে সবজি তুলছেন না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি

নিরাপদ সবজি উৎপাদনে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীর সিরাজুল ইসলাম এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। প্রতিবছরই তিনি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি উৎপাদন করেন। এসব সবজি শুধু মুন্সিগঞ্জেই নয়, বরং ঢাকাসহ আশপাশের জেলাগুলোতেই বিক্রি হয়। বিশেষ করে নিরাপদ সবজি বিক্রেতারাই মূলত তাঁর উৎপাদিত নিরাপদ সবজির বড় ক্রেতা।

কিন্তু চলমান লকডাউনের কারণে মাঠ থেকে সবজি তুলছেন না সিরাজুল ইসলাম। বিক্রি হবে কি না, এই ভয়ে তিনি সবজি তুলছেন না বলে জানান। সবজি এলাকা হিসেবে খ্যাত বজ্রযোগিনীর নুরুল ইসলাম খান, মফিজ খান ও ইসমাঈল শেখ কিংবা টঙ্গিবাড়ী উপজেলার আবদুল আজিজরাও সিরাজুল ইসলামের মতো পরিস্থিতির কারণে বেকায়দায় পড়েছেন। তাঁরাও লোকসানের আশঙ্কায় সবজি তোলার সাহস করছেন না।

সিরাজুল ইসলামের দাবি, তিনি কোনো রকম কীটনাশক ব্যবহার করা ছাড়াই সবজি উৎপাদন করেন। তাই তাঁর সবজির চাহিদা ব্যাপক। সরকারি গাড়ি এসে সরাসরি মাঠ থেকেই সবজি নিয়ে যায়। এসব সবজি ঢাকায় সংসদ ভবনের পাশের নিরাপদ সবজি বাজারে বিক্রি হয়। সেখান থেকে ক্রেতারা সবজি কিনে নিয়ে যান। কিন্তু লকডাউনের কারণে এখন সবজি নিতে সরকারি গাড়ি আসছে না। এভাবে চললে সবজিতে চরম লোকসানের মুখে পড়তে হবে।

সিরাজ জানান, স্থানীয় বাজারেও তাঁরা সবজি বিক্রি করতে পারছেন না দাম কম বলে। তাই সবজি তুলছেন না। ফলে মাঠেই সবজি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই লকডাউনের সময়ে ন্যায্যমূল্যে নিরাপদ সবজি বিক্রির ব্যাপারে তাঁরা সরকারি সহযোগিতা চান।

বজ্রযোগিনীর আরেক নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক নুরুল ইসলাম খান জানান, লকডাউনের আগে তিনি প্রতি শুক্র ও শনিবার ঢাকার বাজারে করলা, লাউ, চালকুমড়া, মিষ্টিকুমরা, পুঁইশাক, ঢ্যাঁড়স—এসব সবজি বিক্রি করতেন। কিন্তু এখন আর সেভাবে সবজি বিক্রি করতে পারছেন না।

একই এলাকার ইসমাঈল শেখ জানান, আগে তিনি প্রতি কেজি করলা পাইকারিতে ৫০ টাকা দরে বিক্রি করতেন। এখন ৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। একইভাবে ধুন্দুল, ড্যাঁড়স, কুমড়াসহ অন্যান্য সবজির দামও কমেছে। তার ওপর সাম্প্রতিক বৃষ্টির কারণে মাঠে সবজি নষ্ট হয়েছে। কয়েক দিনের মধ্যে বাজার আবার বাড়তে পারে, সেই আশায় আছেন এখন।

এদিকে গতকাল শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, বেচাকিনি অনেকটাই কমেছে। ফল বিক্রেতারা জানান, সাধারণত শুক্রবার সকালে ১৫–২০ হাজার টাকার ফল বিক্রি হয়। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত ৩–৪ হাজার টাকার ফল বিক্রি হয়েছে।

আলুতেও লকডাউনের প্রভাব

১০-১৫ দিন ধরে জেলার হিমাগারগুলো থেকে আলু বিক্রি শুরু হয়েছে। মুন্সিগঞ্জের আলুর চাহিদা বেশি রয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশাল, ভোলা ও খুলনায়। তবে ঢাকা, চাঁদপুরসহ অন্যান্য জেলাতেই মুন্সিগঞ্জের আলুর চাহিদা রয়েছে।

কদম রসুল কোল্ডস্টোরেজ নামের একটি হিমাগারের ব্যবস্থাপক দুলাল বাবু প্রথম আলোকে জানান, তাঁদের কাছে প্রায় ৭০ হাজার বস্তা আলু রয়েছে। লকডাউনের কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলে আলু পাঠাতে পারছেন না। আবার ট্রলারে করে আলু পাঠাতে গেলে খরচ কয়েক গুণ বেড়ে যাবে। তখন খুচরা পর্যায়ে আলুর দাম বাড়াতে হবে, নয়তো বিক্রেতাদের লোকসান গুনতে হবে। সে জন্য তাঁরা আলু পাঠাচ্ছেন না।