মাতলুব প্যানেলের পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ব্যবসা-বাণিজ্য করতে এবং ব্যবসা এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চান ব্যবসায়ীরা। রাজধানীর পূর্বাণী হোটেলে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমন মত দিয়েছেন তাঁরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে ঘিরেই ছিল এ অনুষ্ঠান। সভাপতি পদপ্রত্যাশী নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ নিজের প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দিতেই এর আয়োজন করেন।
ওই অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ উপস্থিত ছিলেন।
আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে এফবিসিসিআইয়ের পরিচালক পদের নির্বাচন। আর ২৫ মে নির্বাচিত হবেন সভাপতি ও দুই সহসভাপতি।
এবার পরিচালকের সংখ্যা দাঁড়াচ্ছে ৫২। এর মধ্যে ২০ জন সরকার মনোনীত চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে সরাসরি পরিচালক নির্বাচিত হবেন। আর বাকিরা ৩২টি পরিচালক পদের জন্য নির্বাচন করবেন। নির্বাচন বোর্ড সূত্র বলছে, এবারের নির্বাচনে পরিচালক পদে বৈধ প্রার্থী ৭৭ জন। চেম্বার গ্রুপে ৪০ ও অ্যাসোসিয়েশন গ্রুপে ৩৭ জন।
চেম্বার প্যানেল: মাতলুব প্যানেলে চেম্বার গ্রুপের ডেপুটি প্যানেল লিডার নারায়ণগঞ্জ চেম্বারের বজলুর রহমান। অন্যান্যের মধ্যে আছেন ময়মনসিংহ চেম্বারের আমিনুল হক, নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা, ফেনী চেম্বারের এ কে এম সাহিদ রেজা, জামালপুর চেম্বারের রেজাউল করিম, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ উইমেন চেম্বারের হাসিনা নেওয়াজ, মেহেরপুর চেম্বারের নাগিবুল ইসলাম, ফরিদপুর চেম্বারের মাহবুবুর রহমান খান, গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম, কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আসরিয়া, চুয়াডাঙ্গা চেম্বারের দিলীপ কুমার আগারওয়াল, কক্সবাজার চেম্বারের হেলাল উদ্দিন, বরিশাল চেম্বারের নিজাম উদ্দিন, গাইবান্ধা চেম্বারের আবুল খায়ের মুরসালিন পারভেজ এবং সুনামগঞ্জ চেম্বারের নূরুল হুদা।
অ্যাসোসিয়েশন প্যানেল: অ্যাসোসিয়েশন গ্রুপে ডেপুটি লিডার হিসেবে থাকছেন এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি ও মেইজ অ্যাসোসিয়েশনের হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে আছেন বেসিসের শামীম আহসান, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ, হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির আবদুর রাজ্জাক, বাংলাদেশ সবজি ও ফল রপ্তানিকারক সমিতির এস এম জাহাঙ্গীর হোসেন, ফার্নিচার রপ্তানিকারক সমিতির কে এম আক্তারুজ্জামান, গ্রে অ্যান্ড ফ্যাব্রিকস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হারুন অর রশিদ, পেপার ইম্পোর্টার্স শফিকুল ইসলাম ভরসা, পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রকাশক সমিতির আমিন হেলালী, প্লাস্টিক প্যাকেজিং অ্যাসোসিয়েশনের আবু মোতালেব, বারভিডার হাবিবুল্লাহ ডন, সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্ডাইজ অ্যাসোসিয়েশনের নিজাম উদ্দিন রাজেশ, নাসিবের শোয়েব চৌধুরী, আউটসোর্সিং অ্যান্ড লজিস্টিকস সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের আবু নাসের, প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের রাব্বানি জাব্বার এবং ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এনায়েত হোসেন চৌধুরী।