মাত্র ২৫ মিনিটে বার্ষিক সাধারণ সভা শেষ হলো!
দেশের নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) তড়িঘড়ি করে শেষ করে দেওয়া হয়েছে। গত শনিবার রাত পৌনে আটটায় নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে এ সভা শুরুর মাত্র ২৫ মিনিটেই শেষ হয়ে যায়। সাধারণ সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের ওপর কাউকে আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের একাধিক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিকেএমইএর কয়েকজন সদস্য প্রথম আলোকে জানান, বার্ষিক সাধারণ সভায় বক্তা ছিলেন মাত্র তিনজন। সভাপতি এ কে এম সেলিম ওসমান, দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম ও সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি। সভায় উপস্থিতির সংখ্যা তিন শতাধিক হলেও এর মধ্যে শিল্পমালিক ছিলেন মাত্র শ খানেক। বিকেএমইএর ৬০ জন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সভাপতি সেলিম ওসমানের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের লোকজন এনে সভাস্থলের চেয়ার পূর্ণ করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। সভায় সিআইপি হওয়ায় বিকেএমইএর সাতজন সদস্যকে সম্মাননা জানানো হলেও উপস্থিত থেকে তা গ্রহণ করেছেন চারজন। জানা গেছে, সভায় বার্ষিক প্রতিবেদনের ওপর কয়েকজন সদস্য আলোচনা করতে চাইলেও বার্ষিক সাধারণ সভা শুরুর ৭২ ঘণ্টা আগে নোটিশ না দেওয়ার অজুহাতে সভাপতি কাউকে আলোচনার সুযোগ দেননি।তবে একাধিক সদস্য জানিয়েছেন, বার্ষিক সাধারণ সভার নোটিশে কোথাও লেখা ছিল না যে সভায় বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাইলে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। তা ছাড়া বিকেএমইএর গঠনতন্ত্রে এ ধরনের বিধান নেই। যোগাযোগ করা হলে বিকেএমইএর দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। আর বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাইলে সভার আগেই নোটিশ দিতে হয়।’ বর্তমানে বিকেএমইএর সদস্য (যাঁরা নবায়ন করেছেন) সাড়ে সাত শ। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটার হয়েছেন প্রায় সাড়ে পাঁচ শ।