মাত্রা মাপার যন্ত্র দেওয়া হলো ৫টি পরিশোধনকারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করা ভোজ্যতেলেও ভিটামিন ‘এ’ নিশ্চিতের দাবি করেছেন দেশীয় কয়েকটি পরিশোধনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের মতে, দেশে উৎপাদিত ও পরিশোধিত ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ নিশ্চিতে সরকার কাজ করছে। আমদানি করা পরিশোধিত তেলের ক্ষেত্রেও এই ব্যবস্থা দেওয়া উচিত।
একই সঙ্গে প্রতিনিধিরা ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন এবং এ-বিষয়ক বিধি কঠোরভাবে প্রয়োগের তাগিদ দেন।
ভোজ্যতেলে ভিটামিন ‘এ’-এর মাত্রা মাপার জন্য আই-চেক ক্রোমা নামের এক যন্ত্র হস্তান্তর অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে এস আলম গ্রুপ, এম আরটি এগ্রো প্রোডাক্ট বিডি, বাংলাদেশ এডিবল অয়েল, টি কে গ্রুপ, এস এ গ্রুপকে বিনা মূল্যে ওই যন্ত্র দেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ নিশ্চিত করতে বিএসটিআই সম্প্রতি ১৪১টি নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ১২৪টি নমুনার মান সঠিক পাওয়া গেছে। বাকি নমুনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্তোষজনক মান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে উৎপাদিত ভোজ্যতেল ও আমদানি করে পরিশোধন করা ভোজ্যতেল বিক্রি করা হয়। পাশাপাশি সরাসরি পরিশোধিত ভোজ্যতেল আমদানি করে বিপণন করা হচ্ছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমদানি করা ভোজ্যতেলেও পরিমিত পরিমাণে ভিটামিন ‘এ’ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হবে।