মাত্রাতিরিক্ত ঋণ দেওয়ায় এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা
শেয়ারের বিপরীতে এক বিনিয়োগকারীকে নির্ধারিত সীমার অতিরিক্ত ঋণসুবিধা দেওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড বা এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এই জরিমানা করা হয়। একই সভায় নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় দুই কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে এবং এক কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এসইসি জানিয়েছে, এনবিএল সিকিউরিটিজ এক বিনিয়োগকারীকে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে মার্জিন রুলস ১৯৯৯ এবং কমিশনের স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা ২০০০-এর সুনির্দিষ্ট ধারা বা আইন লঙ্ঘন করেছে।কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ সময়কালে সিকিউরিটিজ প্রতিষ্ঠানটি গিয়াসউদ্দিন নামের এক বিনিয়োগকারীকে বিভিন্ন সময় সর্বনিম্ন ১: ৩ (১০০ টাকার বিপরীতে ৩০০ টাকা) থেকে ১: ৯ (১০০ টাকার বিপরীতে ৯০০ টাকা) হারে ঋণসুবিধা দিয়েছে। উল্লিখিত সময়ে এসইসি নির্ধারিত ঋণসুবিধা ছিল সর্বোচ্চ ১: ২। কিন্তু প্রতিষ্ঠানটি এসইসির সেই বিধান অমান্য করে তাদের গ্রাহক গিয়াসউদ্দিকে মাত্রাতিরিক্ত ঋণসুবিধা দিয়েছে।কমিশনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আইন অমান্য করে মাত্রাতিরিক্ত ঋণসুবিধা দেওয়ার ঘটনাগুলো ২০০৯-১০ সালে শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থানের পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিল। ভবিষ্যতে যাতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর সাহস না দেখায়, সে জন্য কমিশন এনবিএল সিকিউরিটিজকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।এ ছাড়া নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন কেব্লসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে ম্যাক এন্টারপ্রাইজ ও মেটালেক্স করপোরেশনের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।