মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে ব্যাংকগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ
গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি হোসেন খালেদ বলেছেন, শিল্পে ঋণ দিয়ে ব্যাংকগুলো মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে। এতে প্রকৃত সুদের হার করপোরেটের ক্ষেত্রে ১৭ থেকে ১৮ শতাংশ আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্ষেত্রে তা ২৫ থেকে ৩০ শতাংশ দাঁড়াচ্ছে।
হোসেন খালেদ বলেন, ব্যাংকগুলো বর্তমানে তিন মাস পর পর চার দফায় ঋণ ও সুদের ওপর সুদ আরোপ করছে। এতে মূল ঋণের পরিমাণ ও কিস্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা ঋণ নিতে পিছু হটছেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ব্যাংকগুলো আমানতের সুদহার কমালেও শিল্প খাতে তা কমানো হচ্ছে না। এতে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।
ঋণের উচ্চ সুদহারের পাশাপাশি শিল্পে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রাখাকে বিনিয়োগ না হওয়ার বড় কারণ হিসেবে চিহ্নিত করেন হোসেন খালেদ। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অভাবে দেশের বিনিয়োগ ও শিল্পায়ন হুমকির মুখে পড়েছে। শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। দেশে বিদ্যুৎ ও গ্যাস দুটোরই উৎপাদন বেড়েছে। কিন্তু শিল্পে এর সংযোগ দেওয়া হচ্ছে না।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে হোসেন খালেদ এ কথা বলেন। রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে গতকাল বুধবার নতুন কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘এত সম্ভাবনা থাকার পরও বাংলাদেশে কেন প্রতিবছর মাত্র এক বিলিয়ন (১০০ কোটি) ডলার এফডিআই (বিদেশি বিনিয়োগ) আসবে। পাকিস্তানের মতো একটি ঝামেলাপূর্ণ দেশেও বছরে সাত বিলিয়ন ডলারের এফডিআই আসে।’
এলাকাভিত্তিক লোডশেডিং এবং সাপ্তাহিক ছুটি দিয়ে শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। বলেছে, এটি হলে ব্যবসায়ীরা ওই সময়সূচি অনুযায়ী কারখানা চালাতে পারবেন।
হোসেন খালেদ বলেন, ‘আমরা আসন্ন দিনগুলোতে নতুন কোনো রাজনৈতিক সংঘাত, হরতাল, অবরোধের মতো ব্যবসা-বাণিজ্যকে ক্ষতি করে এমন কোনো কর্মসূচি দেখতে চাই না।’
দেশে বিনিয়োগ করার মতো জমির স্বল্পতার কথা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত ভূমি ব্যবহার নীতিমালা করারও প্রস্তাব করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে যেসব পণ্য দেশে তৈরি হচ্ছে সেসব পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ; রপ্তানি বাড়াতে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে কার্যকর করা; এ প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো; সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জাতির কাছে উপস্থাপনের বিধান করা; সেবাদানকারী সরকারি দপ্তরগুলোতে শক্ত হাতে ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার।
নতুন বেতনকাঠামো ও মূল্যস্ফীতি: সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার। তবে সংগঠনের সভাপতি বলেন, এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি একেবারে অবহেলা না করে সরকার বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আবার যেখানে সরকারের রাজস্ব আয়ের গতি ধীর, সেখানে অতিরিক্ত এ টাকা আহরণে ব্যবসায়ীদের ওপর যেন নতুন করে কর আরোপ করা না হয় সেদিকও দেখতে হবে। করের আওতা বাড়িয়ে সরকার এ অর্থের সংস্থান করতে পারে।
বেসরকারি খাতের চাকুরেদের বেতন বাড়ানোর ক্ষেত্রে এখন চাপ অনুভব করছেন কিনা, জানতে চাইলে হোসেন খালেদ বলেন, ‘বেসরকারি খাতেও এর প্রভাব আসবে। এটা আমাদেরকেই মোকাবিলা করতে হবে। আমরা এর জন্য তৈরি।’
সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের দুই সহসভাপতি হুমায়ুন রশিদ ও শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন।