মান নিশ্চয়তা সনদ দিতে পারবে বিএবি
দেশে স্থাপিত বিভিন্ন টেস্টিং ল্যাবরেটরি ও ক্যালিব্রেশন ল্যাবরেটরিকে মান নিশ্চয়তা (অ্যাক্রেডিটেশন) সনদ দিতে পারবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। শিল্পখাতে উত্পাদিত পণ্যের গুণগত মান ও ওজনের যথার্থতা নির্ধারণের জন্য বিএবি এই সনদ দেবে। এর ফলে এখন থেকে এই দুই ধরনের ল্যাবরেটরিকে আর বিদেশি প্রতিষ্ঠান থেকে এই সনদ নিতে হবে না।
‘আন্তর্জাতিক মানসনদ আইএসও/আইইসি ১৭০২৫’—এর ওপর আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের এনপিও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। এ সময় বিএবির মহাপরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহ ও পরিচালক সুধাকর দত্ত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্প সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জন করতে হলে, দেশে উত্পাদিত শিল্প পণ্যের রপ্তানি বাড়াতে হবে। এর জন্য পণ্যের মান ও গুণ আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এক্ষেত্রে দেশীয় ল্যাবরেটরিগুলোর গুণগতমানের বিষয়ে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন জরুরি। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মহাজোট সরকার এ লক্ষ্য অর্জনে কাজ করছে বলে তিনি জানান। তিনি অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা পরিহার করে করপোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে পণ্যের গুণ ও মানোন্নয়নে মনোনিবেশ করতে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পানি, টেক্সটাইল, সিরামিক, সিমেন্ট, ফার্মাসিউটিক্যালস, ব্লেড, ফিসারিজ ও ক্যালিব্রেশন ল্যাবরেটরিতে কর্মরত ৩৬ জন মান নিয়ন্ত্রণ কর্মকর্তাকে সনদ প্রদান করা হয়। এ ছাড়া ডিবিএল গ্রুপ স্থাপিত তৈরি পোশাকের মান নির্ধারণী ল্যাবরেটরি ‘টেক্সটাইল টেস্টিং সার্ভিসেস লিমিটেড’কে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করা হয়।