মান নিশ্চিত করেই বাংলাদেশের বাজারে আসবে স্যামসাং নোট ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং নোট ৭ মডেলের স্মার্টফোনের সর্বোচ্চ মান নিশ্চিত করার পর বাংলাদেশের বাজারে তা ছাড়া হবে বলে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশে ফোনটির ব্যাটারি নিয়ে সমস্যা দেখা দেওয়ায় গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের উদ্দেশে এ বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের সঙ্গে স্যামসাং মোবাইল বাংলাদেশ ১ সেপ্টেম্বর থেকে গ্যালাক্সি নোট ৭-এর প্রি-বুকিং বা অগ্রিম ক্রয়াদেশ নেওয়া শুরু করেছে। এই স্মার্টফোনটি এখনো বাংলাদেশের বাজারে আসেনি। এর মধ্যে বিশ্বের অন্যান্য দেশে ফোনটির ব্যাটারি নিয়ে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে গতকাল জানানো হয়, ফোনের সর্বোচ্চ মান নিশ্চিত করেই তা বাংলাদেশের বাজারে ছাড়া হবে।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের একজন মুখপাত্র বিজ্ঞপ্তিতে বলেন, সম্প্রতি বিভিন্ন দেশে গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারিতে সমস্যার বিষয়ে কিছু প্রতিবেদন স্যামসাংয়ের কাছে এসেছে। বাংলাদেশে যেসব গ্যালাক্সি নোট ৭ আসবে, তাতে সর্বোচ্চ গুণমান নিশ্চিত করেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে।

গত ১৯ আগস্ট বিশ্বব্যাপী নোট ৭ স্মার্টফোন বিক্রি করতে শুরু করে দক্ষিণ কোরিয়ার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে ছাড়ার পর থেকে ফোনটি চার্জ দেওয়ার সময় বা চার্জ দেওয়ার পরে আগুন ধরার খবরে ১০টি দেশের বাজার থেকে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন সরিয়ে নিতে শুরু করেছে স্যামসাং। স্মার্টফোনটি বিক্রি শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই গত শুক্রবার স্যামসাং এ ঘোষণা দেয়।
একই সঙ্গে নতুন স্মার্টফোন পরিবর্তন করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের এক বৈশ্বিক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, গ্রাহক অভিযোগের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তদন্তের পর ফোনটির ব্যাটারি সেলে সমস্যা খুঁজে পাওয়া গেছে। ১ সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাপী ৩৫টি এ রকম ঘটনা ঘটেছে।