মান নিশ্চিত হলে হিমায়িত চিংড়ি দেশের বড় রপ্তানি খাত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের পর হিমায়িত চিংড়ি রপ্তানি থেকেই দেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুর্দ্রা অর্জন করে। পর্যাপ্ত সরকারি নীতি এবং কৌশলগত ও আর্থিক সহযোগিতা পেলে হিমায়িত চিংড়ি ও খাদ্য এ দেশের অন্যতম সম্ভাবনাময় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে পারে।হিমায়িত খাদ্য রপ্তানিবিষয়ক এক সরকারি-বেসরকারি সংলাপে চিংড়ি উৎপাদক, রপ্তানিকারক ও সরকারি কর্মকর্তারা এসব কথা বলেছেন। একই সঙ্গে বক্তারা চিংড়ি পোনা উৎপাদন থেকে শুরু করে বিপণন ও বাজারজাতকরণের সব পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কোনো অসাধু ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী এবং চাষির জন্য চিংড়ির মান যেন নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে।খুলনার একটি হোটেলে গতকাল রোববার এ সংলাপ অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) এবং ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশন।সংলাপে ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও খুলনা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী শাহনেওয়াজ বলেন, হিমায়িত মৎস্য রপ্তানিতে রপ্তানিকারক দেশের অযাচিত অতি কঠোর শর্তারোপের কারণে অনেক ক্ষেত্রেই রপ্তানিকারকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।সাবেক সাংসদ ও বাংলাদেশ হ্যাচারি মালিক সমিতির সভাপতি আফতাবুজ্জামান চিংড়ি চাষে চাষি ও শিল্প-উদ্যোক্তাদের সরকারি সহযোগিতা বাড়ানো, সহজ শর্তে ব্যাংক ঋণসুবিধা, পানি সেচব্যবস্থা নিশ্চিতকরণ, চাষির কাছ থেকে রপ্তানিকারকদের সরাসরি চিংড়ি কেনার আহ্বান জানান।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাশেদ। ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ মো. আবদুল বাকি, এফএনএফ বাংলাদেশের প্রতিনিধি নাজমুল হোসেন ও এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ বক্তব্য দেন।বক্তারা বলেন, আইলা-অধ্যুষিত সাতক্ষীরা অঞ্চলে সরকার পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় ২০ হেক্টর জমিতে এবার চিংড়ি চাষ হয়নি। এতে চাষিরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি দেশও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারিয়েছে। তাঁদের মতে, চিংড়ি চাষ বন্ধ করে কৃষকের উন্নয়ন সম্ভব নয়, বরং পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করলে দেশ ও জাতি উপকৃত হবে।