মান পরীক্ষা ছাড়া ভারতে আরও ১৪ পণ্য রপ্তানি সুবিধা
আরও ১৪টি পণ্য মান পরীক্ষা ছাড়াই ভারতে রপ্তানি করতে চায় বাংলাদেশ। এই তালিকায় আছে হিমায়িত খাদ্য, পটেটো ক্রেকার্স, চকলেট, গুঁড়া দুধ, শুকনা কেক, বোতলজাত পানি, ড্রিংক, ফলের রস, সিমেন্ট, সাবান, রড, জিআই পাইপ ও বস্ত্র। ভারতীয় মান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রপ্তানি সুবিধা চায় বাংলাদেশ। এসব পণ্যে বাংলাদেশের মান সনদ থাকলেই চলবে।
সম্প্রতি দুই দেশের যৌথ শুল্ক দলের সভায় এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সভায় ভারতীয় প্রতিনিধিদল নীতিগতভাবে একমত হয়। তবে তা ভারতীয় মান কর্তৃপক্ষ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটির অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিনিধিদলটি। বৈঠকে উভয় পক্ষের যৌথ ঘোষণাপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৩ ও ২৪ আগস্ট ঢাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত এপ্রিল মাসে ২১টি পণ্যে একই ধরনের সুবিধা দিয়েছে ভারত। ওই তালিকায় ছিল ফলের জুস, জ্যাম, জেলি, চাটনি সস, টমেটো, বিস্কুট, চানাচুর, নুডলস, কার্বোনেটেড পানীয় ইত্যাদি।
বৈঠকে অংশ নেওয়া এনবিআরের প্রথম সচিব এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পণ্যের মান যদি ভালো হয়, তবে সব পণ্যেই ভারতীয় মান কর্তৃপক্ষের মান সনদ ছাড়া রপ্তানির সুযোগ দেওয়া উচিত। এ ছাড়া ভারতীয় পণ্যের মান নিয়ে বাংলাদেশ কখনো প্রশ্ন তোলেনি। ভারতেরও এ দেশের পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তা ছাড়া বাংলাদেশের মান কর্তৃপক্ষ বিএসটিআইয়ের মান সনদ প্রতিটি পণ্যে থাকে। তাঁর মতে, মান সনদ ছাড়া পণ্য রপ্তানির সুযোগ বাড়লে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
ভারতীয় মান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এসব পণ্য রপ্তানি সুবিধা পাওয়া গেলে বাংলাদেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে এসব নিত্যব্যবহার্য পণ্যের রপ্তানি বাজার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। বর্তমানে উল্লিখিত পণ্যসমূহ রপ্তানি করার সময় মান পরীক্ষার জন্য ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটিতে পাঠাতে হয়। সেখান থেকে মান যাচাই করে আসতে কমপক্ষে এক মাস সময় লেগে যায় বলে জানা গেছে। ভারত চূড়ান্তভাবে ওই ১৪ পণ্য অনুমোদন দিলে বাংলাদেশের মান কর্তৃপক্ষ বিএসটিআইয়ের মান সনদ থাকলেই হবে।
এই বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, নতুন করে তালিকা বৃদ্ধি করা হলে ভারতে বাংলাদেশি পণ্যের বাজার বাড়বে। এখন কোনো পণ্য রপ্তানি করার সময় মান যাচাই করতে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করার অভিজ্ঞতা আছে। তবে মান যাচাই না করার তালিকায় আসা নতুন পণ্যের সিদ্ধান্ত শুল্কায়ন প্রক্রিয়ায় কীভাবে বাস্তবায়িত হয়, সেটাই দেখার বিষয়। তিনি জানান, শুধু ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নয়; ভারতের মূল ভূখণ্ডেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে।
দুই দেশের যৌথ শুল্ক দলের সভায় ‘অফ বর্ডার’ পণ্য শুল্কায়ন ও খালাসের বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। বর্তমানে পণ্য জটে স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোতে সময়মতো ও দ্রুত শুল্কায়ন করা যায় না। সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্থলবন্দর ও শুল্ক স্টেশন এলাকার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানের গুদাম বা ইয়ার্ডে গিয়ে শুল্ক কর্মকর্তারা শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সভার যৌথ ঘোষণাপত্র সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১৬টি শুল্ক স্টেশনের ওপারে ভারতীয় শুল্ক স্টেশনে সহকারী কমিশনার মর্যাদার কর্মকর্তা পদায়নের সুপারিশ করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। যুক্তি হলো, পণ্য শুল্কায়নের ক্ষেত্রে অনেক সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত দরকার হয়, যা কাস্টমস সুপার পর্যায়ের কর্মকর্তারা দিতে পারেন না। এর ফলে নিকটবর্তী সহকারী কমিশনারের সিদ্ধান্ত বা মতামতের জন্য দু-তিন দিন অপেক্ষা করতে হয়। সভায় ভারতীয় পক্ষ থেকে বলা হয়, এখন থেকে সপ্তাহে অন্তত এক দিন সহকারী কমিশনার শুল্ক স্টেশনে যাবেন। বর্তমানে ভারতের পেট্রাপোল ও আগরতলা শুল্ক স্টেশন ছাড়া অন্য কোনো শুল্ক স্টেশনে সহকারী কমিশনার মর্যাদার কোনো কর্মকর্তা নেই। অন্য স্টেশনে সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা আছেন। ভারতীয় পক্ষ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের শুল্ক স্টেশনের সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সভায় উভয় দেশের শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সীমার সমন্বয় নিয়ে আলোচনা হয়। শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানির পণ্যতালিকা পর্যালোচনার তাগিদ দেওয়া হয়। সভায় ভারতের পক্ষ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে ব্যাংক গ্যারান্টির পরিবর্তে বন্ড দেওয়ার প্রস্তাব করেছে ভারত। অন্যদিকে ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে আনা পণ্যে শুল্ক কর অব্যাহতি চায় ভারত। এই দুটি প্রস্তাবে বাংলাদেশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।
১১তম যৌথ শুল্ক দলের সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আন্তর্জাতিক বাণিজ্য ও আধুনিকায়ন) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান ও ভারতের সেন্ট্রাল বোর্ড অব এক্সাইজ অ্যান্ড কাস্টমসের মহাপরিচালক পি কে দাস নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।