মান সনদ দেওয়ার স্বীকৃতি পেল বিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিষ্ঠিত মান পরীক্ষাগারগুলোর (টেস্টিং ল্যাবরেটরি) পক্ষে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরীক্ষণ সনদ দেওয়ার সক্ষমতা অর্জন করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি)। হংকংয়ে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কো-অপারেশনের (এপিএলএসি) পারস্পরিক স্বীকৃতিবিষয়ক সভায় বিএবিকে এই স্বীকৃতি দেওয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল রোববার এই তথ্য জানান। মন্ত্রণালয় ভবনে অবস্থিত বিএবি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিএবির পরীক্ষাগার অ্যাক্রিডিটেশন কার্যক্রম আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। তবে এ অর্জন ধরে রাখতে পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশনা দেন তিনি। বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক