মানববন্ধনে কাল লেনদেন বন্ধ রাখার আহ্বান
দেশের পুঁজিবাজারে আজ বুধবারও দরপতন হয়েছে। আর এর প্রতিবাদে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে কাল বৃহস্পতিবার সব ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮৮ পয়েন্ট নেমে গেলে পুঁজি হারানো বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বের ডিএসইর সামনের সড়কে নেমে আসেন। এ সময় তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।পরে বেলা সোয়া দুইটার দিকে ডিএসইর সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন। পরে বিকেল চারটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি বাজারে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কর্তৃপক্ষের কাছে কাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখার আহ্বান জানান। অন্যথায় বিনিয়োগকারীদের লেনদেনে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেন। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ দিকে বেলা একটার দিকে পুঁজি হারিয়ে দিশেহারা আনোয়ার নামের এক বিনিয়োগকারী ডিএসইর সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে চিকিত্সাকেন্দ্রে পাঠানো হয়।