মানবসম্পদ উন্নয়নে সহায়তা করতে চায় ডেনমার্ক
বাংলাদেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্দ অলিং। তিনি বলেন, শিল্প খাতে বাংলাদেশের চলমান অগ্রগতির ধারা তাঁকে অভিভূত করেছে। এর ফলে গত এক বছরে ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম ৪০০ শতাংশ বেড়েছে।বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত গতকাল সোমবার বিকেলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে এসব কথা বলেন। শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের পরিস্থিতি, শিল্প খাতের অগ্রগতি, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ শিল্প খাতে পারস্পরিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বৈঠকে ডেনিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, বস্ত্র এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডেনমার্কের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। ইতিমধ্যে বাংলাদেশে জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতে ডেনমার্কের উদ্যোক্তারা বিনিয়োগ করেছেন। বাংলাদেশে বিদ্যুৎ ও পানিসম্পদ খাতে বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখতে শিগগিরই একটি ডেনিশ বিনিয়োগ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে বলে তিনি জানান।দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করতে সরকার দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। তিনি মানবসম্পদ উন্নয়ন, জাহাজ নির্মাণ, আইটি ও সৌরবিদ্যুৎ খাতে সহায়তা দেওয়ার জন্য ডেনিশ রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে।