দেশে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকেরা। তাঁরা বলেছেন, শুধু অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে গবেষণায়ও বিনিয়োগ বাড়াতে হবে।
শিক্ষকেরা আরও বলেন, স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে মতামত নেওয়ার জন্য পরিকল্পনা কমিশন আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এসব অভিমত দেন। ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকেরা বক্তব্য দেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ তসলিম বলেন, স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হয়। কিন্তু দেশে সুশাসনের অভাবে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে না। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতায় প্রবৃদ্ধি ঠিকভাবে অর্জিত হচ্ছে না। এ দুটিই হলো প্রবৃদ্ধি অর্জনের পথে বড় অন্তরায়। নিম্ন ও উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে এ দুটি বিষয়ই পার্থক্য গড়ে দিচ্ছে।
এম এ তসলিম আরও বলেন, চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে পারলে জনগোষ্ঠী দক্ষ হয়ে উঠবে। তখন উৎপাদন এমনিতেই বেড়ে যাবে। মনে রাখতে হবে, রাস্তাঘাট ইত্যাদি হলো ভৌত অবকাঠামো। আর শিক্ষা ও স্বাস্থ্য হলো সামাজিক অবকাঠামো। এ দুটো খাতকে সমান গুরুত্ব দিতে হবে। তবেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ও টেকসই হবে।
অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ বিনিয়োগ, মানসম্মত শিক্ষা, কৃষি ও অবকাঠামোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, মোট বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৫-৪০ শতাংশ হতে হবে। বর্তমানে তা সাড়ে ২৭ শতাংশ আছে। এ ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।
উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও আয়-বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক বারকাত-ই-খুদা। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের সঙ্গে সঙ্গে আয়-বৈষম্য হ্রাসের ওপরও জোর দিতে হবে। ধনী ও দরিদ্রের মধ্যে আয়-বৈষম্য কমলেই কেবল অর্থনীতির সুফল সবাই পাবে। তাঁর মতে, প্রতিবছর ২০ লাখ লোক চাকরির বাজারে প্রবেশ করছেন। কিন্তু ৫ লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে না। এটা বিবেচনায় নিয়ে সরকারকে কর্মসংস্থান তৈরিতে নজর দিতেই হবে।
সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনায় অগ্রাধিকারগুলো আগেই ঠিক করতে হবে। সে অনুযায়ী শ্রম দক্ষতা বাড়াতে হবে। কেননা, তৈরি পোশাক খাত, প্রবাস আয়—এমন বড় খাতগুলো এখন শ্রমনির্ভর।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বক্তব্যে বলেন, শুধু অর্থনৈতিক কারণেই একটি দেশ পিছিয়ে যায় না। একটি দেশ পিছিয়ে যায় উপযুক্ত সময়ের সদ্ব্যবহার করতে না পারলে। অপরদিকে, একটি দেশের সক্ষমতা শুধু বিনিয়োগের ওপর নির্ভর করে না। যে দেশ যত বেশি উৎপাদনশীল, সে দেশে তত বেশি প্রবৃদ্ধি হয়ে থাকে। বিনিয়োগকে রিয়াল ইকোনমিতে পরিণত করা অর্থাৎ প্রকৃত খাতে নেওয়া গেলেই কেবল উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। যে জন্য সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বিনিয়োগ কম হওয়া সত্ত্বেও উৎপাদনশীলতা বেশি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক শফিক উজ জামান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, পরিকল্পনাসচিব ভূঁইয়া শফিকুল ইসলাম প্রমুখ।
২০১৬-২০২০ মেয়াদে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। সব শ্রেণির পেশার মানুষের মতামত নেওয়ার জন্য ধারাবাহিকভাবে সভা করছে পরিকল্পনা কমিশন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিকল্পনার খসড়াটি চূড়ান্ত করা হবে। এতে মূলত মধ্য আয়ের দেশে উন্নীত হতে কী ধরনের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, সেই পরিকল্পনা থাকবে।