মানবসম্পদের উন্নয়ন ঘটানোর জোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির স্বার্থে মানবসম্পদ উন্নয়নের ওপর জোর তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যোগ্য মানবসম্পদ সৃষ্টি করা না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে হবে। গতকাল শনিবার ঢাকায় মানবসম্পদ-বিষয়ক দিনব্যাপী এক সম্মেলনে এসব কথা বলা হয়। বাংলাদেশ সোসাইটি ফর রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএমএইচআরএম) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) যৌথভাবে ‘সি-সুইট এইচআর সামিট ২০১১’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি মানবসম্পদ বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে অভিজ্ঞতা ও মতবিনিময় করেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ভারতের আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের পরিচালক (মানবসম্পদ) রেশমি শর্মা, নিউজিল্যান্ডের কৌশলগত এইচআর পরামর্শক ডেভিড ওয়েলার, ভারতের মানবসম্পদ বিশেষজ্ঞ বিপ্লব ব্যানার্জি এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা আরনফিন গ্রোভেন আলাদাভাবে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ প্যানেল আলোচনার বিষয় ছিল ‘কৌশলগত অংশীদার হিসেবে এইচআরের ভূমিকা’। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গ্রো অ্যান্ড এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জুলফিকার হোসাইন।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।