মানবাধিকার কমিশনে চিঠি শ্রমিকনেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির আন্দোলনের পর পোশাকশ্রমিকদের আসামি করে মামলা, আটক ও ছাঁটাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

সংগঠনের নেতারা গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীতে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সঙ্গে সাক্ষাৎ করে চিঠি দেন।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন হচ্ছে পোশাকশিল্পের ১২ শ্রমিক সংগঠনের জোট। কমিশনকে দেওয়া চিঠিতে তারা বলেছে, গত ডিসেম্বরে মজুরি বৃদ্ধি, কারখানাভিত্তিক দাবিদাওয়া, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের বিরুদ্ধে আশুলিয়ার পোশাকশ্রমিকেরা আন্দোলন করেন। আন্দোলনের একপর্যায়ে সেখানকার ৫৯ কারখানা বন্ধ করে দেওয়া হয়। চার দিন পর কারখানা খুলে দিলেও শ্রমিকদের নানা ধরনের হয়রানি করা হচ্ছে।

শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দাবি করে জোটের পক্ষ থেকে বলা হয়, আন্দোলন চলাকালে বিভিন্ন কারখানা ১ হাজার ৬০০-এর বেশি শ্রমিককে ছাঁটাই করে। কারখানা কর্তৃপক্ষের করা বিভিন্ন মামলায় শ্রমিকনেতাসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়াও দাবি করা হয়, নামে-বেনামে শত শত শ্রমিককে আসামি করা হয়েছে। এতে শ্রমিকদের হয়রানির সুযোগ তৈরি হয়েছে। মামলার কারণে অনেক শ্রমিক ও শ্রমিকনেতা নিজের ঘরে ফিরতে পারছেন না। নিজেদের দাবিদাওয়ার পক্ষে মতপ্রকাশ ও দাবি
উত্থাপনের কারণে শ্রমিকেরা ঘর ও কাজহারা।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম, শ্রমিকনেতা মোশরেফা মিশু, তাসলিমা আখ্তার, শবনম হাফিজ, মীর মোফাজ্জল হোসেন, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক শ্রমিকদের ওপর যাতে কোনো রকম হয়রানি না হয় সে বিষয়ে মালিক ও সরকারপক্ষের সঙ্গে আলাপ করবেন বলে আশ্বাস দেন। এমনটাই জানান জোটের শ্রমিকনেতারা।