মানবিক আবেদন বাতিল, মাশুল আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কলকাতা থেকে আগরতলায় ৩৫ হাজার টন চাল পরিবহনে অনুমতি দিয়েছিল সরকার। ২০১৪ ও ২০১৫ সালে দুটি চালানে প্রায় ২০ হাজার টন চাল আগরতলায় গেছে। মানবিক কারণে এ অনুমতি দেওয়ায় তখন কোনো মাশুল আরোপ করা হয়নি। এখন বাকি ১৫ হাজার টন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এবার টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা আরোপ করেই এ অনুমতি দেওয়া হয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ অনুমতি দেয়। এর ফলে মানবিক আবেদন বাতিল হয়; নতুন করে চালের চালানে মাশুল করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকল চুক্তির আওতায় কয়েক মাস আগে টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আরোপ করা হয়। গত জুন মাসে প্রথম চালানে এক হাজার টন স্টিল শিট বা রড ত্রিপুরার আগরতলায় গেছে; ওই চালানে মাশুল আরোপ করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে খুলনা হয়ে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে; আর আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলায় গেছে। এ পথেই ১৫ হাজার টন চালের চালান যাবে।

বিআইডব্লিউটিএর পরিচালক আবু জাফর হাওলাদার প্রথম আলোকে বলেন, যেহেতু প্রটোকলের আওতায় ট্রানজিট নিলে মাশুল আরোপের বিধান করা হয়েছে, তাই চালের চালানেও মাশুল আরোপ করে অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড এ চালানটি কলকাতা থেকে আগরতলা পর্যন্ত পরিবহন করবে। এ প্রতিষ্ঠানটি বিআইডব্লিউটিএতে এ চালানের চাল পরিবহনের জন্য গত মাসে অনুমতি চেয়ে আবেদন করে।

এ বিষয়ে জানতে চাইলে আনবিসের মহাব্যবস্থাপক মাহমুদ উর রহমান সিদ্দিক প্রথম আলোকে বলেন, যেহেতু সরকার মানবিক কারণে ৩৫ হাজার টন চাল পরিবহনের অনুমতি দিয়েছিল, তাই প্রথম দুই চালানে কোনো মাশুল নেওয়া হয়নি। তাই তৃতীয় চালানে মাশুল নেওয়া উচিত হবে না।

এদিকে ২১ থেকে ২৩ আগস্ট নৌ প্রটোকল-সম্পর্কিত দুই দেশের স্ট্যান্ডিং ও কারিগরি যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে ভারতের সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেবে। ওই সভায় মানবিক কারণ দেখিয়ে অনুমতি দেওয়া চাল পরিবহনে নতুন করে মাশুল আরোপের বিষয়টি উঠতে পারে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নৌ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই সভার আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই পক্ষের সমস্যাসহ সামগ্রিক বিষয়গুলো আলোচনা হবে।

নৌ প্রটোকলে পানগাঁও বন্দর!: নৌ প্রটোকলের আওতায় পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ব্যবহারের সুযোগ চায় ভারত। নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন যৌথ স্ট্যান্ডিং ও কারিগরি সভায় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য পানগাঁও কনটেইনার টার্মিনালকে পোর্ট অব কল ঘোষণার দেওয়ার প্রস্তাব করেছে ভারত। এর মানে নৌ প্রটোকলের আওতায় চলাচল করা পণ্য এ কনটেইনার টার্মিনালে ওঠা-নামা করা যাবে। কন্টেইনারবাহী জাহাজও চলতে পারবে। পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় এখন কনটেইনারে করে পণ্য আনা-নেওয়া করা হয় না। এ প্রটোকলের আওতায় যত বাণিজ্য হয়, এর মধ্যে প্রায় শতভাগই ফ্লাই অ্যাশ আনে বাংলাদেশ। কনটেইনার পরিবহনের সুযোগ হলে অন্য বাণিজ্যিক পণ্যও আনা সম্ভব হবে।

অন্যদিকে যৌথ স্ট্যান্ডিং ও কারিগরি কমিটির সভায় বাংলাদেশের পক্ষ থেকে আসামের ধুবড়ি, পশ্চিমবঙ্গের পাটু ও ব্রেন্ডেলকে পোর্ট অব কল ঘোষণা করার প্রস্তাব দেওয়া হতে পারে। এ ছাড়া নামখানা থেকে কলকাতা পর্যন্ত নদী খননের জন্য তাগিদ দেবে বাংলাদেশ।

ট্রানজিটের চাহিদা বাড়ছে: নৌ প্রটোকলের আওতায় ভারত মূলত ট্রানজিট নেয়। এত দিন মাশুল দিতে হতো না। তবে মাশুল আরোপ করে কলকাতা-আশুগঞ্জ (নৌপথ) এবং আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা (সড়ক) পথটি চালু করার পর এর চাহিদা বেড়ে গেছে। গত জুন মাসে রডের চালান যাওয়ার পর বিআইডব্লিউটিএতে বেশ কয়েকটি অনুমতির আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমতির অপেক্ষায় থাকা চালানগুলোর মধ্যে রয়েছে দেড় হাজার টন লোহা; এক হাজার টন চাল; ৪০০ টন ভোজ্যতেল এবং ২০০ টন আলু।