মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাংক খাতকে অগ্রসর করতে চাই: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাংক খাতকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক খাতকে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) প্রতি অধিকতর গুরুত্বারোপ করতে পরামর্শ দেওয়া হয়েছে।বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামাজিক কল্যাণকর কর্মসূচির অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার এ পরামর্শ দেন।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এ এম জাকারিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শামসুল হক চৌধুরী ও বেগম সাগুফতা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল কুদ্দুস ও সৈয়দ ওয়াসেক মো. আলী।গভর্নর বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মূল ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সিএসআরের আওতায় আর্তপীড়িত মানবতার সেবা এবং দেশের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে। ব্যাংকটি বিভিন্ন সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগে সব সময় দুর্গত মানুষের পাশে থেকেছে।অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ কেন্দ্রের সঙ্গে এই ব্যাংক যুক্ত হওয়ায় ধন্যবাদ দেন। এ এ এম জাকারিয়া জানান, এ বছর তাঁরা একটি স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হচ্ছেন। অনুষ্ঠানে জানানো হয়, ফার্স্ট সিকিউরিটি ২০১১ সালে তাদের পরিচালন মুনাফার ৫ শতাংশ বা আট কোটি টাকা সিএসআর কর্মসূচিতে ব্যয় করেছে। আর এ বছরও দেশজুড়ে শীতার্ত দুস্থ মানুষের জন্য ২৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার কম্বল বিতরণ করা হবে।