মানসম্পন্ন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাল এমসিসিআই
দেশে টেকসই প্রবৃদ্ধির জন্য মানসম্পন্ন কর্মসংস্থানের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।সংগঠনটির সভাপতি আমজাদ খান চৌধুরী গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। ঢাকার মতিঝিলে সংগঠনের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক প্রমুখ। এমসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরা সব সময় রাজনীতি ও অন্য ইস্যু নিয়ে কথা বলি। কিন্তু কখনো বেকারত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করি না। আমাদের বলা দরকার, যিনি ক্ষুধার্ত তাঁকে একটা চাকরি দাও।’আমজাদ খান চৌধুরী মনে করেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার প্রতি মনোযোগী হতে হবে। কেননা, যুবকেরা যদি সত্যিকার অর্থে শিক্ষিত হয় তাহলে কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র তৈরি হবে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। তাঁর মতে, ব্যক্তিগত অর্জনেই নির্ভর করে একটি দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কর্মসংস্থান ব্যক্তি ও রাষ্ট্র পর্যায়ে সম্পদ তৈরি করে। চাকরি একজন ব্যক্তিকে মর্যাদা দেয় আর সামাজিক স্থিতিশীলতা রক্ষা করে। অন্যদিকে বিশাল বেকারত্ব একটি সমাজে অস্থিরতা তৈরি করে। আর তা থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা তৈরি হয়। কাল মঙ্গলবার এমসিসিআইয়ের উদ্যোগে অনুষ্ঠেয় ‘বাংলাদেশে কর্মসংস্থান: দারিদ্র্য বিমোচনের কার্যকর উপায়’ শীর্ষক সেমিনার সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের নিজস্ব কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রধান মূল্যায়ন কর্মকর্তা রোনাল্ড মাইকেলস্টিচ। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরস হেরেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রধান কারিগরি কর্মকর্তা আর্থার শেয়ার্স প্রমুখ।