মানসম্পন্ন কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থায়ও কিছু ত্রুটি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার জামগড়ার রোজ ড্রেসেস নামের পোশাক কারখানাটি শ্রমিকদের কর্মপরিবেশ উপযোগী বা কমপ্লায়েন্ট হিসেবে স্বীকৃত। বিদেশি নামী-দামি প্রতিষ্ঠানের পোশাক তৈরি হয় এখানে। কিন্তু কারখানাটির ছয়তলাবিশিষ্ট মূল ভবনে অগ্নিনির্বাপণের জন্য থাকা হোস পাইপটিতে পানির চাপ নেই। ছাদের ৭৫ শতাংশ জায়গাজুড়ে টিনশেড দিয়ে খাবার ঘর ও গুদাম করা হয়েছে।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গতকাল রোববার সরেজমিনে পরিদর্শনকালে কারখানাটিতে এসব সীমাবদ্ধতা চিহ্নিত করে। টাস্কফোর্সের সদস্যরা রোজসহ আশুলিয়ার তিনটি ও মালিবাগের একটি কারখানা পরিদর্শন করেন। এ সময় তাঁরা গণমাধ্যম প্রতিনিধিদের বলেন, কমপ্লায়েন্সের শর্ত পূরণ হলেও এসব কারখানায় কিছু ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষক দিনমনি শর্মা বলেন, ‘ছাদ বন্ধ করে অবকাঠামো নির্মাণকে আমরা অনুমোদন করি না। কেননা, ছাদ খোলা না থাকলে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া বাতাসে মিশতে পারে না। ঘুরপাক খায়। তখন আশ্রয় নেওয়া মানুষ অল্পতেই অসুস্থ হয়ে পড়ে।’ অবশ্য কারখানাটির মালিক ও বিজিএমইএর পরিচালক মো. আতিকুল ইসলাম দাবি করেন, সরকারের নিয়ম মেনেই ছাদের ওপর ২৫ শতাংশ জায়গা খালি রাখা হয়েছে। তিনি আরও বলেন, ভবনের নিচে সাড়ে চার লাখ লিটারের একটি পানির ট্যাংক করা হয়েছে। এটি হোস পাইপের সঙ্গে সংযুক্ত করলেই পানির চাপ নিয়ে সমস্যা হবে না। চার থেকে পাঁচ ঘণ্টা একটানা আগুনের বিরুদ্ধে লড়াই করা যাবে। আতিকুল ইসলাম আরও বলেন, ‘টাস্কফোর্স কোনো সুপারিশ করলে আমরা স্বাগত জানাব। একই সঙ্গে তা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে।’ বিজিএমইএর নেতারা জানান, তৈরি পোশাকশিল্পে অগ্নিকাণ্ড প্রতিরোধে সমিতির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনকে আহ্বায়ক করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিজিএমইএ, বুয়েট ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে মোট ১৫ সদস্যের এ টাস্কফোর্স সব পোশাক কারখানা পরিদর্শন করবে। সদস্যরা অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ সুপারিশ করবেন। পোশাক কারখানার মালিকদের সেসব সুপারিশ বাস্তবায়ন করতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে টাস্কফোর্স গঠন করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১০টি কারখানা পরিদর্শন করবেন টাস্কফোর্সের সদস্যরা। তারপর কীভাবে এটি পরিচালিত হবে, তা নির্ধারণ করা হবে।সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে নিয়ে বিজিএমইএর ভবন থেকে টাস্কফোর্সের সদস্যরা রওনা দেন। তাঁরা প্রথমে যান আশুলিয়ার বান্দো ডিজাইন লিমিটেডে। কারখানা ভবনের ছাদে প্লাস্টিকের পানির জলাধার নিয়ে আপত্তি জানান টাস্কফোর্সে থাকা ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্লাস্টিকের পরিবর্তন করে বড় আকারের সিমেন্টের জলাধার নির্মাণের সুপারিশ করেন তাঁরা। কারখানাটির মালিক ও বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘কারখানাটির ভবন নির্মাণাধীন। পুরোপুরি সম্পন্ন হলে স্থায়ী পানির ট্যাংক হয়ে যাবে।’ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কারখানা পরিদর্শনের সময় তাৎক্ষণিক কিছু মন্তব্য ও সুপারিশ করলেও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অর্থাৎ প্রকৌশলীরা তেমনটি করেননি। তাঁদের পক্ষে সরকারের সাবেক প্রধান স্থপতি শাহ আলম জহির উদ্দিন বলেন, ‘আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে কারখানাগুলো পর্যবেক্ষণ করছি।’ শাহ আলম বলেন, ‘ভবনের প্রবেশ ও নির্গমন পথ ঠিক আছে কি না এবং জাতীয় ভবন নির্মাণবিধি মানা হয়েছে কি না, আমরা তা খুঁটিয়ে দেখছি।’ পর্যবেক্ষণ শেষে লিখিত সুপারিশ করবেন বলে জানান তিনি। একইভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও লিখিত সুপারিশ করবেন বলে জানান। টাস্কফোর্সের সদস্যরা পরে সিদ্দিকুর রহমানের অন্য কারখানা স্টার্লিংয়ে যান। সবশেষে মালিবাগে বিজিএমইএর সভাপতির মালিকানাধীন ওনাস কারখানা পরিদর্শন করেন তাঁরা। বিজিএমইএর সভাপতি বলেন, ‘এত দিন আমরা কার্যাদেশ পেতে বিদেশি ক্রেতাদের শর্ত অনুযায়ী কারখানাগুলোর কমপ্লায়েন্স করেছি। এখন আমরা আমাদের মানুষদের বাঁচাতে কমপ্লায়েন্স করছি। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’ বেছে বেছে উন্নত মানের কারখানা পরিদর্শনে টাস্কফোর্স ও গণমাধ্যমের কর্মীদের নিয়ে আসা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছুই লুকাতে চাই না। পর্যায়ক্রমে সব কারখানায় টাস্কফোর্সের সদস্যরা যাবেন। দ্রুততম সময়ে এটি করতে পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই টাস্কফোর্সের সদস্য সংখ্যা বাড়ানো হবে।’