মানসম্মত পণ্য তৈরির আহ্বান
অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা পরিহার করে মানসম্মত পণ্য উৎপাদন করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নির্বাচিত মান পরীক্ষাগারের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ, প্রশিক্ষিত মান অ্যাসেসরদের মধ্যে প্রশিক্ষণ সনদ ও ই-লার্নিং কোর্সে উত্তীর্ণদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, পণ্যের গুণগত মানের ওপর দেশের সুনাম নির্ভর করে। তাই উন্নত মানের পণ্য উৎপাদন করে রপ্তানি বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে হবে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) যৌথভাবে রাজধানীর বিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিএবির মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্্, এনপিওর পরিচালক মো. নজরুল ইসলাম, হোলসিম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রাজনিস কাপুর প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী পানি, লুব্রিকেন্ট, টেক্সটাইল ও মেকানিক্যাল টেস্টিংয়ের সঙ্গে জড়িত চারটি ল্যাবরেটরির অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ এবং মান অ্যাসেসরের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। এ ছাড়া তিনি জাপানভিত্তিক এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের সহায়তায় এনপিও আয়োজিত ই-লার্নিং কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যেও সনদ বিতরণ করেন।