মানসম্মত বীজ উৎপাদনকে ‘কৃষিভিত্তিক শিল্প’ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদনকে ‘কৃষিভিত্তিক শিল্প’ ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়।প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এতে দেশে কৃষিখাতের উৎপাদনশীলতা বাড়বে। সেই সঙ্গে এ খাতে মূল্য সংযোজনের সুযোগও সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ সোসাইটি অব সিড টেকনোলজি (বিএসএসটি) এবং কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখা আয়োজিত ‘বীজ শিল্পের উন্নয়ন ও কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা’ শীর্ষক এক সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ তথ্য জানান। রাজধানীর খামার বাড়িতে গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে গতকাল শনিবার সেমিনারটি অনুষ্ঠিত হয়।শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঈনুল হক, বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) চেয়ারম্যান এস এম নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি এফ আর মালিক প্রমুখ আলোচনায় অংশ নেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব সিড টেকনোলজির সভাপতি মো. নাজমুল হুদা।সেমিনারে বক্তারা বলেন, এদেশে বছরে প্রায় ১১ লাখ টন উন্নত বীজের প্রয়োজন। এর বাজার মূল্য চার হাজার কোটি টাকা। এই চাহিদার ২০ শতাংশ এখন অভ্যন্তরীণভাবে উৎপাদিত হচ্ছে। এতে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। বীজের চাহিদার পুরোটাই যদি নিজস্ব উৎপাদনে মেটানো সম্ভব হয়, তবে প্রতি বছর বিরাট অংকের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি নতুন নতুন ব্যাকওয়ার্ড লিংকেজ বা পশ্চাদ সংযোগ শিল্পেরও বিকাশ ঘটবে।বক্তারা আরও বলেন, গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন ইতিমধ্যে এদেশে বিনিয়োগ-সহায়ক শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে প্রায় ৩০টি বেসরকারি বীজ উৎপাদনকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ১৭ হাজার পরিবেশক (ডিলার) সারা দেশে বীজ বিপণন করছে। এ শিল্পে মহিলাসহ প্রায় পাঁচ লাখ কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারের ফলে এদেশে কৃষি উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে।সেমিনারে ব্যক্তিরা দেশিয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে বীজ উৎপাদনকে আনুষ্ঠানিকভাবে শিল্প ঘোষণার দাবি জানান। তাঁদের মত, এ খাতে সরকারের যথাযথ নীতি-সহায়তা পেলে দেশে কৃষিখাতের ফলন বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।শিল্পমন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে বাংলাদেশে কৃষি উৎপাদন ক্রমেই শিল্পে পরিণত হচ্ছে। জাতীয় শিল্পনীতিতে কৃষিভিত্তিক শিল্পখাতকে অগ্রাধিকারমূলক খাত ঘোষণা করা হয়েছে। কৃষি উৎপাদনে বহুমুখীতা আনতে সরকার প্রান্তিক চাষিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।