মানি লন্ডারিং আইন অমান্যের দায়ে ৭ ব্যাংককে জরিমানা
মানি লন্ডারিং প্রতিরোধ আইন অমান্য করার দায়ে সাত ব্যাংককে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের তথ্য গোপন, সন্দেহজনক লেনদেনের তথ্য না দেওয়া এবং গ্রাহকের বিস্তারিত পরিচিতি ছাড়াই হিসাব পরিচালনা করায় এই জরিমানা করা হয়েছে। জরিমানার তালিকায় রয়েছে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও জনতা এবং বেসরকারি খাতের ঢাকা, ন্যাশনাল, প্রাইম, ব্র্যাক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের প্রতিটিই বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য গোপন করে বিভিন্ন ব্যক্তির হিসাব পরিচালনা করছিল বলে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফ্যাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বিশেষ পরিদর্শনে ধরা পড়ে। তার ভিত্তিতে সম্প্রতি পর্যায়ক্রমে বড় অঙ্কের জরিমানা করা হয়।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান বলেন, ‘এটা তাঁদের নিয়মিত প্রক্রিয়া। তবে আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন সম্পর্কে ব্যাংকাররা শিক্ষানবিশ ছিলেন। তখন জরিমানা কম করা হতো। এখন সবাই এই আইনটি ভালোভাবেই জানেন। তাই অমান্যের দায়ে বড় জরিমানা করা হয়েছে। তা ছাড়া এবারের অপরাধের ধরনও বড়।’প্রাপ্ত তথ্য অনুসারে, ৩৪ হাজার টাকা আত্মসাতের তথ্য গোপন করায় চার লাখ টাকা জরিমানা করা হয়েছে সোনালী ও জনতা ব্যাংকে। নোয়াখালী অঞ্চলের একজন মাদ্রাসাশিক্ষক সরকারের ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন। ওই শিক্ষকের হিসাব ছিল এই দুই ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হলে দুটি ব্যাংকই জানায়, কোনো হিসাব তাদের ব্যাংককে নেই। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে হিসাবের তথ্য বের হয়। সোনালী ও জনতাকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।হল-মার্কের তথ্য গোপন করে অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়ায় জরিমানা করা হয়েছে ঢাকা ও ন্যাশনাল ব্যাংককে। এই দুই ব্যাংকের জরিমানার পরিমাণ সবচেয়ে বেশি। গত বছরের মে মাসে হল-মার্কের অর্থ আত্মসাতের তথ্য ফাঁস হওয়ার পর অক্টোবরে সব ব্যাংককে হিসাব পরিচালনার তথ্য চায় বাংলাদেশ ব্যাংক। অন্য ব্যাংকগুলো তথ্য দিলেও এই দুই ব্যাংক হিসাব পরিচালনার তথ্য গোপন করে। এই হিসাব থেকে অর্থ তুলে নেওয়ারও সুযোগ করে দেওয়া হয়। বিএফআইইউ ঢাকা ব্যাংককে ১৭ লাখ টাকা ও ন্যাশনাল ব্যাংককে ১৫ লাখ টাকা জরিমানা করে। কোনো ব্যাংক হিসাবের মাধ্যমে একসঙ্গে সাত লাখ টাকার ওপরে লেনদেন হলে বাংলাদেশ ব্যাংকের কাছে সে সম্পর্কে প্রতিবেদন পাঠাতে হয়। প্রাইম ব্যাংক নির্দিষ্ট হিসাবের লেনদেনের তথ্য গোপন করে আসছিল। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এ তথ্য বের হয়ে আসায় ব্যাংককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।গ্রাহকের পরিচিতির সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ না করায় ব্র্যাক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই দুই ব্যাংক পরিদর্শনে গ্রাহকের পর্যাপ্ত তথ্য না থাকার বিষয়টি ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে।যোগাযোগ করা হলে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান বলেন, অনেক সময় চাপের মধ্যে থেকে কিছু ভুল হয়ে যায়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেদিকে এখন থেকে সব কর্মকর্তা নজর রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।