মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইন ঠিকমতো পালনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১২ সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট থেকে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।নির্দেশে গত ৩০ জানুয়ারি এই ইউনিট থেকে জারি করা দুটি অধ্যাদেশ পরিপালনের নির্দেশনা বাতিল করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী নতুন আইনের এই নির্দেশ পালনে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমাকারী, মানি চেঞ্জার, অর্থ অথবা অর্থমূল্য প্রেরণকারী বা স্থানান্তরকারী কোম্পানি বা প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে ব্যবসা পরিচালনা করছে এমন সব প্রতিষ্ঠান, স্টক ডিলার ও স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকার, সিকিউরিটিজ কাস্টডিয়ান, সম্পদ ব্যবস্থাপক, অলাভজনক সংস্থা বা প্রতিষ্ঠান (এনপিও), বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সমবায় সমিতি, রিয়েল এস্টেট ডেভেলপার, মূল্যবান ধাতু বা পাথরের ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাস্ট ও কোম্পানি সেবা প্রদানকারী, আইনজীবী, নোটারি, অন্যান্য আইন পেশাজীবী এবং হিসাববিদদের এ সার্কুলার দেওয়া হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকে অবস্থিত মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ অবলুপ্ত করে ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গঠন করা হয়। এই ইউনিটের আওতায় মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের সব কার্যক্রম ও লোকবল দেওয়া হয়েছে। ইতিপূর্বে বিভাগটির অধীনে থাকা এফআইইউর কার্যক্রমও বাতিল করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ-২০১২-এর আওতায় এসব পরিবর্তন আনা হয়েছে। এতে করে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বিএফইইউ এখন থেকে কাজ করছে।