মানি লন্ডারিং প্রতিরোধ আইন সঠিকভাবে প্রয়োগের আহ্বান
মানি লন্ডারিং প্রতিরোধ আইন সঠিকভাবে প্রয়োগের মধ্য দিয়ে সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলা করতে হবে। গতকাল শনিবার সিলেটে ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনায় এ মতামত ব্যক্ত করেন আলোচকেরা। সিলেটে তিন দিনব্যাপী ‘মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন ২০১০’-এর দ্বিতীয় দিন একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদে অর্থ পাচার রোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন, মানিলন্ডারিং প্রতিরোধে জনসচেতনতা বিষয়ে পাঁচটি বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪৮টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। প্রাক্তন অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম মহিউদ্দিন, ওয়ান ব্যাংকের ফার্স্ট এভিপি তামান্না এ রহমান এবং এইচএসবিসির মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পক্ষে ফারজানা নাহিদ কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন। তামান্না এ রহমান ‘মানব পাচার ও মানিলন্ডারিং’ শীর্ষক নিবন্ধে বলেন, শ্রমশক্তি ব্যবসার সঙ্গে জড়িতদের এবং ট্রাভেলিং ও রিক্রুটিং এজেন্টদের নতুন হিসাব খুলতে অথবা বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই হিসাবধারীর পরিচয়, ব্যবসার বৈধতা, আয়ের উত্স এবং ব্যবসার ধরন বিষয়ে নিশ্চিত হতে হবে। তিনটি পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেহউদ্দিন আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহম্মদ এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী।কর্মশালার প্রথম অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের বাইরে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা নির্ধারণ এবং সেসব অর্থ ফেরত আনার চেয়ে বর্তমানে যাতে কোনো অর্থ আর বাইরে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।’গত শুক্রবার শুরু হওয়া এ সম্মেলন আজ রোববার শেষ হবে।