মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে খাগড়াছড়িতে কর্মশালা অনুষ্ঠিত
খাগড়াছড়ি অঞ্চলে ব্যবসারত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর কর্মকর্তাদের নিয়ে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও সোনালী ব্যাংকের খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপনায় স্থানীয় একটি পর্যটন মোটেলে গতকাল শনিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস-উল হক ভূঁইয়া। এতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালাটিতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোরশেদ আলম খন্দকার, সহকারী মহাব্যবস্থাপক শ্যামল কান্তি নাথ ও খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ, বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার ভৌমিক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ভূঁইয়া, উপপরিচালক অসীম কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।আনিস-উল হক ভূঁইয়া বলেন, চোরাচালান, চাঁদাবাজি, মাদকদ্রব্যের ব্যবসা, জাল নোটের লেনদেন এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ টাকা কেউ যাতে ব্যাংকের মাধ্যমে বৈধ করতে না পারে, সেই ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।